যুবদলের আহ্বায়কসহ চার নেতাকে বহিষ্কারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের মধুখালীতে বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ব্যক্তিদের দল থেকে বহিষ্কারের দাবি জানানো হয়েছে।
গতকাল রোববার দুপুরে উপজেলা বিএনপির একটি অংশ সংবাদ সম্মেলন করে এ দাবি জানায়।
উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল কাশেম। লিখিত বক্তব্যে বলা হয়, যারা দলীয় নির্দেশ অমান্য করে, দলীয় প্রধান ও প্রতিষ্ঠাতার ছবি পুড়িয়ে দিতে পারে, তারা দলের কেউ হতে পারে না।
সংবাদ সম্মেলন থেকে দলীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগানোর দায়ে উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আবদুল আলীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কনক হাসান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান ও বিএনপির নেতা বদিউজ্জামানকে বহিষ্কারের দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক ও মধুখালী ইউপির চেয়ারম্যান শাহাবুদ্দিন আহম্মেদ, সহসভাপতি ও বাগাট ইউপির চেয়ারম্যান আবদুর রহিম ফকির, সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্লা প্রমুখ।
তবে অভিযোগ অস্বীকার করে আবদুল আলীম বলেন, ‘কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় আমার কোনো সমর্থক জড়িত নন।’
উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন দেওয়া নিয়ে বিরোধের জের ধরে গত শনিবার বিকেলে এক পক্ষের সমর্থকেরা মধুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালান এবং আসবাবে আগুন ধরিয়ে দেন।