যুবদলের ইফতারে খালেদা জিয়া
বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল সোমবার জাতীয় সংসদের এলডি হলে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত এক ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন। ইফতারের আগে দেশ ও জনগণের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। খবর বাসস ও ইউএনবির।ইফতার মাহফিলে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ জমিরউদ্দিন সরকার, সাংসদ এম কে আনোয়ার, দলের যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আর এ গনি, সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা। অতিথিদের স্বাগত জানান যুবদলের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সালাম ও সাধারণ সম্পাদক সাইফুল আলম।দলীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রাজনীতিকদের সম্মানে একটি ইফতার মাহফিলের আয়োজন করেছেন খালেদা জিয়া।