যুবদলের এক অংশের প্রতিবাদ সভা, অপর অংশের ঝাড়ুমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে গতকাল শনিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে যুবদলের সোনারগাঁ উপজেলার একাংশ। এ সময় যুবদলের অপর অংশ নতুন কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল করে।সংগঠন সূত্র জানায়, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে বেলা ১১টার দিকে সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন যুবদলের নেতারা। যুবদলের নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক শাহ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন যুবদলের উপজেলার নতুন কমিটির সভাপতি জাকির হোসেন, সাধারণ সম্পাদক আবদুর রউফ, পৌরসভার সভাপতি ফারুক আহামেঞ্চদ, সাধারণ সম্পাদক গাজী জহিরুল ইসলাম প্রমুখ।একই সময় যুবদলের উপজেলা ও পৌরসভার নতুন কমিটি বাতিলের দাবিতে নয়াপুর বাজারে ঝাড়ু ও জুতামিছিলসহ প্রতিবাদ সভা করে যুবদলের উপজেলার অপর একটি অংশ। যুবদলের উপজেলার সাবেক যুগ্ম আহ্বায়ক শহিদুর স্বপনের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী এতে অংশ নেন। প্রতিবাদ সভায় নেতারা অভিযোগ করে বলেন, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে কাউন্সিল ছাড়াই ১ এপ্রিল উপজেলা ও পৌরসভা কমিটি গঠন করেছে। এই কমিটির অধিকাংশ সদস্যের বিরুদ্ধে সন্ত্রাস ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে।এ ব্যাপারে জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম জানান, কমিটিতে কোনো পদ না পাওয়ায় যুবদলের একটি অংশ আন্দোলনে নেমেছে।