যুবদলের কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগরে যুবদলের কমিটি গঠন নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইউনিয়ন যুবদলের নবনির্বাচিত সভাপতি জিয়াউল হকসহ (৪০) ছয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর অবস্থায় জিয়াউলকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকায় পাঠানো হয়। অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি তন্তর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করা হয়। আগের কমিটির সাধারণ সম্পাদক মনু কাজীকে নবগঠিত কমিটি থেকে বাদ দেওয়া হলে মনু কাজী ও তাঁর লোকজন ক্ষিপ্ত হয়ে হামলা চালান। গতকাল সকালে জিয়াউল মোটরসাইকেলযোগে সিংপাড়া জোরপুল এলাকায় এলে আগে থেকে ওত পেতে থাকা মনু কাজী (৪০), মামুন (৩৫) ও অজ্ঞাতনামা দু-তিনজন মিলে তাঁর ওপর হামলা চালান। এ সময় তাঁরা তাঁকে পিটিয়ে গুরুতর জখম করেন। এর জের ধরে দুপুরে তন্তর বাজারে জিয়াউলের সমর্থকেরা মনু কাজীর লোকজনের ওপর হামলা চালালে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়। এ সময় চার-পাঁচ ব্যক্তি আহত হন। শ্রীনগর থানার ওসি মো. মিজানুর রহমান জানান, কমিটি গঠন নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আগের কমিটির সাধারণ সম্পাদক মনু কাজীকে নতুন কমিটি থেকে বাদ দেওয়ার কারণে এই ঘটনা ঘটে। তবে এই ঘটনায় কোনো পক্ষ থানায় মামলা দিতে আসেনি।