যুবদলের কমিটি পুনর্বহালের দাবিতে মিনুর বাড়ি ঘেরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করার প্রতিবাদে গতকাল সোমবার রাতে বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও রাজশাহী মহানগরের সভাপতি মিজানুর রহমান মিনুর বাড়ি ঘেরাও করেন সংগঠনের নেতা-কর্মীরা। তাঁরা বিলুপ্ত কমিটি পুনর্বহালের দাবি জানান। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর থেকে বিলুপ্ত কমিটির কয়েক শ নেতা-কর্মী মিজানুর রহমানের পদ্মা আবাসিক এলাকার বাড়ি ঘেরাও করে বিলুপ্ত কমিটি পুনর্বহালের দাবি জানান। তাঁদের দাবি, যদি নতুন কমিটি করতেই হয়, তাহলে আগের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহাল রাখতে হবে। গতকাল রাত সাড়ে নয়টার দিকে মিজানুর রহমান দাবি মেনে নিলে নেতা-কর্মীরা চলে যান। গত শনিবার রাতে কমিটি বিলুপ্ত ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তি ঢাকা থেকে ফ্যাক্স করে রাজশাহীতে পাঠানো হয়। যুবদলের কেন্দ্রী নির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলমের উদ্ধৃতি দিয়ে কেন্দ্রীয় দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল ২৪ আগস্ট এ সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন। মেয়াদোত্তীর্ণ হয়ে যাওয়ায় এ কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উল্লেখ্য, বিলুপ্ত কমিটি ২০০১ সালের মার্চ মাসে গঠন করা হয়েছিল।বিলুপ্ত কমিটির সভাপতি মোসাদ্দেক হোসেন বলেন, তাঁরা সম্মেলন করার জন্য ইতিমধ্যে মহানগরের ১৪টি ওয়ার্ডে সম্মেলন করেছেন। আরও ১৫টি ওয়ার্ডে ঈদের পরে সম্মেলন করার জন্য দিন ঠিক করা হয়েছে। এ অবস্থায় কমিটি বিলুপ্ত করায় সংগঠনের কর্মীদের মধ্যে ব্যাপক হতাশা দেখা দিয়েছে।