যুবদলের কমিটি বাতিলের দাবিতে ঝাড়ুমিছিল
পিরোজপুরের কাউখালী উপজেলা যুবদলের কমিটি বাতিলের দাবিতে গতকাল শনিবার সকালে ঝাড়ুমিছিল ও সমাবেশ করেছেন যুবদলের পদবঞ্চিত বিক্ষুব্ধ কর্মীরা।
মিছিলটি নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে বক্তব্য দেন সদ্য বিলুপ্ত উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বদরুদ্দোজা মিয়া, কাফী চৌধুরী, মিল্টন তালুকদার, মাহফুজুর রহমান, লাভলু সিকদার, মঞ্জুরুল কবির প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদল থেকে বহিষ্কৃত সায়েম উদ্দীন তালুকদারকে যুবদলের সভাপতি করা হয়েছে। পিরোজপুর জেলা যুবদলের দুই যুগ্ম আহ্বায়ক অর্থের বিনিময়ে এ কমিটি করেছেন। বক্তারা কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের দাবি জানান।
জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম টাকার বিনিময়ে কমিটি করার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘কেউ প্রমাণ দিতে পারলে পদ ছেড়ে দেব। কাকে অর্থ দিয়েছে, সেটি প্রকাশ্যে বলতে হবে।’
১৫ সেপ্টেম্বর কাউখালী উপজেলা যুবদলের ১৫ সদস্যের একটি কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।