যুবদলের কমিটি বিলুপ্ত, মৌলভীবাজারে দুপক্ষের পাল্টাপাল্টি মিছিল
মেয়াদোত্তীর্ণ ও সাংগঠনিক কার্যক্রমে নিষ্ক্রিয়তার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা কমিটি বিলুপ্ত করা হয়েছে। গত রোববার যুবদল কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যুবদলের কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও সাধারণ সম্পাদক সাইফুল আলম নীরবের নির্দেশে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে জেলা কমিটি বিলুপ্ত করায় এক পক্ষ কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দমিছিল এবং অপর পক্ষ কমিটি বিলুপ্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। মৌলভীবাজার যুবদলের কার্যকরী কমিটি বিলুপ্ত করায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে গতকাল সোমবার যুবদলের এক অংশের নেতা-কর্মীরা মৌলভীবাজার শহরে একটি আনন্দমিছিল বের করেন। মিছিলটি স্থানীয় পৌরসভা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। মিছিল-পরবর্তী সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন যুবদলের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মতিন বকশ, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জিল্লুল খান, সাবেক যুগ্ম সম্পাদক মুহিতুর রহমান, বকশী জুবের আহমদ, মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর স্বাগত কিশোর দাস চৌধুরী, যুবদল নেতা জোসেফ খান, সালাম আহমদ প্রমুখ।অপরদিকে কমিটি বিলুপ্ত করার প্রতিবাদে অপর অংশ গতকাল শহরে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে। মিছিল শেষে শহরের চৌমোহনা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা যুবদলের বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহসভাপতি হেলু মিয়া, সহসাধারণ সম্পাদক নুরুল আলম নোমান, প্রচার সম্পাদক মুহিত আহমদ প্রমুখ।