যুবদলের কর্মসূচিতে পুলিশের বাধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীতে গতকাল বৃহস্পতিবার যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ।
গতকাল বেলা সোয়া ১১টার দিকে শহরের রেড ক্রিসেন্ট সোসাইটির বিপণিবিতানের সামনে থেকে জেলা যুবদল শোভাযাত্রা বের করে। শোভাযাত্রার শুরুতেই সুধারাম থানার একজন এসআই বাধা দেন। সংগঠনের নেতা-কর্মীরা বাধা উপেক্ষা করে শোভাযাত্রা নিয়ে শহরের প্রধান সড়ক হয়ে জেলা জামে মসজিদ সড়কে যান। সেখানে সমাবেশ করতে চাইলে দ্বিতীয় দফায় পুলিশের বাধার মুখে পড়েন। পরে বিআরডিবি মিলনায়তনে গিয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক কামাক্ষ্যাচন্দ্র দাস। যুবদলের নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান।
সুধারাম থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘তাঁরা (যুবদলের নেতারা) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার কথা বলেছিলেন। শোভাযাত্রা কিংবা সমাবেশ করার কথা বলেননি। তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে তা করতে দেওয়া হয়নি।’