যুবদলের কর্মীসহ চারজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় জামিল হোসেন (৩৩) নামে যুবদলের এক কর্মীকে পুড়িয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গাজীপুরে দুর্বৃত্তরা মো. সারা মিয়া (৩০) নামের এক চালককে জবাই করে হত্যা করে তাঁর অটোরিকশা নিয়ে যায়। টঙ্গীতে স্ত্রীর ইটের আঘাতে কোহিনূর মিয়া (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ঢাকার কেরানীগঞ্জে খুন করা হয়েছে অজ্ঞাতনামা এক তরুণীকে।
গতকাল সোমবার পুলিশ চারটি লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
মুন্সিগঞ্জ: জামিল সিরাজদিখানের কেয়াইন ইউনিয়নের আবুল কাশেমের ছেলে। তিনি একই উপজেলার নিমতলী এলাকায় ভাড়া বাড়িতে পরিবার নিয়ে থাকতেন। হত্যাকাণ্ডের ঘটনায় জামিলের স্ত্রী জুলেখা বেগম হত্যা মামলা করেছেন। পুলিশ জানায়, জামিল গত রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। গতকাল সকালে উপজেলার লতব্দি ইউনিয়নের সড়কের পাশে তাঁর পোড়া লাশ দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। জেলা যুবদলের সাধারণ সম্পাদক সম্রাট ইকবাল জানান, তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
গাজীপুর: মো. সারা মিয়া (৩০) মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার কাঞ্চনপুর এলাকার চান মিয়ার ছেলে। এলাকাবাসী ও পুলিশ জানায়, কালিয়াকৈর উপজেলার মৌচাক বাজার থেকে রোববার রাত আটটার দিকে ময়মনসিংহের হালুয়াঘাটের সাপাড়া এলাকার মো. আলমসহ (২৯) তিনজন যাত্রীবেশে সারা মিয়ার ব্যাটারিচালিত অটোরিকশা ভাড়া করেন। অটোরিকশা নিয়ে সদর উপজেলার নস্করচালা এলাকায় এলে তিনজন সারা মিয়াকে জোর করে পাশের গজারি বনে নিয়ে যায়। পরে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে গলা কেটে হত্যা করে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।
কেরানীগঞ্জ (ঢাকা): গতকাল বিকেলে ঢাকার কেরানীগঞ্জের আগানগর বাঁশপট্টি এলাকার বেড়িবাঁধে অজ্ঞাতনামা (২৮) এক তরুণীর মৃতদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নিহত ব্যক্তির পরনে ছিল লাল-কালো ছাপার থ্রিপিস। মাথার বাঁ অংশে ছিল আঘাতের চিহ্ন।
টঙ্গী (গাজীপুর): টঙ্গীতে নিহত কোহিনূর মিয়া (৩৫) শেরপুরের শ্রীবর্দী উপজেলার বরইকুচি গ্রামের মো. মোসলেমের ছেলে। তিনি স্ত্রী নূরানী বেগমকে (৩৭) নিয়ে টঙ্গীর গাজীপুরা সুরুজ ব্যাপারী রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কোহিনূর ও নূরানীর মধ্যে বিবাদ হয়। এ সময় নূরানী একটি ইট দিয়ে কোহিনূরের মাথায় আঘাত করেন। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই কোহিনূরের মৃত্যু হয়।