যুবদলের কেন্দ্রীয় নেতাকে জড়িয়ে কর্মীর জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের টাইগারপাস এলাকায় বাসে পেট্রলবোমা হামলার ঘটনায় যুবদলের কেন্দ্রীয় নেতা আবুল হাশেম বক্করকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন যুবদলেরই এক কর্মী।
গতকাল শুক্রবার চট্টগ্রাম মহানগর হাকিম মো. রহমত আলীর আদালতে যুবদলের কর্মী সাইফুর রহমান ওরফে শপথ এই জবানবন্দি দেন।
গত ১৯ ফেব্রুয়ারি রাতে নগরের টাইগারপাসে একটি যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে সবজি ব্যবসায়ী সুভাষ সোমসহ চারজন দগ্ধ হন।
৮ মার্চ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে মারা যান সুভাষ। এ ঘটনায় কোতোয়ালি থানায় ১১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ১৫ থেকে ২০ জনকে আসামি করে একটি মামলা করে পুলিশ।
আদালত-সংশ্লিষ্ট সূত্র জানায়, জবানবন্দিতে সাইফুর রহমান বলেন, ‘যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি ও নগর যুবদলের সাবেক সভাপতি আবুল হাশেম বক্কর ১১ ফেব্রুয়ারি ফোন করে জানতে চান হরতাল-অবরোধে টাইগারপাস এলাকায় এত গাড়ি চলে কেন?’ পরে তাঁর নির্দেশে ১৩ ফেব্রুয়ারি নগরের সিআরবি এলাকায় তাঁরা তিনজন বৈঠকে বসেন। ওই বৈঠকে যাত্রীবাহী বাসে হামলার পরিকল্পনা করা হয়। পরিকল্পনামতো নগর ছাত্রদলের কর্মী আলী মোতুর্জাকে ২০ হাজার টাকা দেওয়া হয়। পরদিন সাইফুর ফেনীর পরশুরামে গ্রামের বাড়িতে চলে যান। পরে শুনতে পান টাইগারপাস এলাকায় একটি বাসে পেট্রলবোমা ছোড়া হয়েছে।
অভিযোগ প্রসঙ্গে জানতে আবুল হাশেম বক্করের মুঠোফোনে একাধিকবার ফোন করেও কথা বলা সম্ভব হয়নি।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন প্রথম আলোকে বলেন, পরশুরাম থেকে গত বৃহস্পতিবার রাতে এই মামলার এজাহারভুক্ত আসামি সাইফুরকে আটক করা হয়। পরে সাইফুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে ঘটনার সঙ্গে জড়িত বেশ কয়েকজনের নাম উঠে এসেছে। তদন্তের স্বার্থে তাদের নাম বলা যাচ্ছে না।