লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন তরুণ লীগের সাধারণ সম্পাদক সাব্বির আহমেঞ্চদ ওরফে রাজু (৩০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সাত দিন পর গত বুধবার সদর থানায় মামলাটি করেন সাব্বিরের বাবা আহাম্মদ আলী।
বুধবার রাত সোয়া ১০টায় তিনজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আরও পাঁচজনকে আসামি করে হত্যা মামলাটি করা হয়। লালমনিরহাট পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক সভাপতি ও পৌরসভার সাপটানার বাসিন্দা আসলাম হোসেনকে (৩৫) এ মামলার প্রধান আসামি করা হয়েছে।
অপর দুই আসামি হলেন ৫ নম্বর ওয়ার্ড যুবদলের বর্তমান সভাপতি ও সাধুটারী গ্রামের মো. বাবু (২৬) এবং একই ওয়ার্ড যুবদলের সদস্য ও সাপটানার মো. মানিক (২৫)। প্রধান আসামি আসলাম লালমনিরহাট পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান হত্যা মামলারও আসামি।
সদর থানার ওসি জমির উদ্দীন বলেন, ঘটনার পর থেকে পলাতক থাকায় আসামিদের গ্রেপ্তার করা যাচ্ছে না।