লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার উত্তর সাইচা গ্রামের মাদ্রাসার ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে দুই যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে। গত বুধবার রাতে তাদের দল থেকে বহিষ্কার করা হয়। ধর্ষণের অভিযোগে গত ১৮ জুন ওই ছাত্রী বাদী হয়ে বামনী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে মামলা করে। মামলার নয় দিন পরও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি।বহিষ্কৃত ব্যক্তিরা হলেন উপজেলার বামনী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মিঠু চৌধুরী ও ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জহির মুন্সি।রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক সফিকুল আলম আলমাস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, যুবদলের দুই নেতার বিরুদ্ধে থানায় ধর্ষণের মামলা হয়। এতে দলের ভাবমূর্তি প্রশ্নবিদ্ধ হয়েছে। এ জন্য বিএনপি, যুবদল ও সহযোগী সংগঠনের এক জরুরি সভায় দুই নেতাকে বহিষ্কার করা হয়। এদিকে মামলার পর আসামি পক্ষের লোকজনের হুমকিতে আতঙ্কিত হয়ে পড়েছে পরিবারটি। অভিযোগ পেয়ে গতকাল বৃহস্পতিবার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী ও তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ ঘটনাস্থলে যান। রায়পুর থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার হামছাদী কাজিরদিঘির পাড় মাদ্রাসার নবম শ্রেণীর এক ছাত্রী মাদ্রাসায় আসা-যাওয়ার পথে মিঠু চৌধুরীসহ চার আসামিরা প্রায় সময় তাকে উত্ত্যক্ত করত। তারা ছাত্রীর কাছে মোবাইল নম্বর চেয়ে না পেয়ে বিভিন্ন প্রকার হুমকি দেয়। বিষয়টি ছাত্রীর মা-বাবা জেনে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবগত করেন। এরপর বাবা তাকে মাদ্রাসায় আনা-নেওয়া করতেন। গত ৩০ মে রাত নয়টার দিকে ওই ছাত্রী ঘর থেকে বাইরে বের হলে আগে থেকে ওত পেতে থাকা আসামিরা তাকে বাড়ির পশ্চিম পাশের সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। এ ব্যাপারে মামলার প্রধান আসামি মিঠু চৌধুরীর ব্যবহূত মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। অন্যদের বক্তব্যও জানা যায়নি। মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপপরিদর্শক আবুল কালাম আজাদ বলেন, ‘বিষয়টি নিয়ে তদন্ত চলছে। আসামিদের গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে। মামলাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। হুমকির কথা শুনে ঘটনাস্থলে গিয়েছি।’