যুবদলের দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের কালাই উপজেলা যুবদলের দুই পক্ষের পাল্টাপাল্টি সম্মেলন কেন্দ্র করে গতকাল মঙ্গলবার দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে, জয়পুরহাট-১ (সদর ও পাঁচবিবি) আসনের বিএনপিদলীয় সাংসদ মোজাহার আলী প্রধান ও জয়পুরহাট-২ (কালাই, ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনের একই দলের সাংসদ গোলাম মোস্তফার সমর্থিত কালাই যুবদলের দুই পক্ষ গতকাল পাল্টাপাল্টি সম্মেলন আহ্বান করে। সাংসদ মোজাহার আলীর অনুসারীরা কালাই বিএনপির অস্থায়ী কার্যালয়ে এবং এর ১০০ গজের মতো দূরে কালাই মহিলা ডিগ্রি কলেজে সম্মেলন ডাকে সাংসদ মোস্তফার অনুসারীরা। বিএনপির কার্যালয়ের সম্মেলনে জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতারা ছাড়াও উপজেলা বিএনপির একাংশের সভাপতি ইব্রাহিম হোসেন উপস্থিত ছিলেন।বিকেল পৌনে পাঁচটার দিকে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এ সময় সম্মেলনস্থলের শতাধিক চেয়ার ও উভয় পক্ষের অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। যুবদলের এক নেতার ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করা হয়। দুই পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোটাসহ দেশীয় বিভিন্ন অস্ত্র ব্যবহার করে। দফায় দফায় এই সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচজনকে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ চলাকালে জয়পুরহাট-ঢাকা মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। সড়কের উভয় পাশে প্রায় অর্ধশত বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যান আটকে যায়। সাংসদ গোলাম মোস্তফা দাবি করেন, শান্তিপূর্ণ সম্মেলন শেষে আবদুল আলিমকে সভাপতি ও শামীম তালুকদারকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করার পরপরই বিএনপি-যুবদলের পদবঞ্চিত কর্মীরা লাঠিসোটা ও অস্ত্র হাতে হামলা চালান। তাঁরা ২২টি মোটরসাইকেল ও শতাধিক চেয়ার ভাঙচুর করেন। এতে তাঁর সমর্থিত ১২ জন নেতা-কর্মী আহত হন। তিনি অভিযোগ করেন, ওই সন্ত্রাসীরা আবদুল আলিমের দোকানে হামলা করে লুটপাট চালায়। এ সময় তিনি নিজে কলেজের একটি কক্ষে লুকিয়ে আত্মরক্ষা করেন বলে জানান।সাংসদ মোজাহারের সমর্থিত বলে পরিচিত ইব্রাহিম হোসেন পাল্টা অভিযোগ করে বলেন, জেলা যুবদলের শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে তাঁদের সম্মেলন চলছিল। কিন্তু সাংসদ গোলাম মোস্তফার নেতৃত্বে সন্ত্রাসীরা লাঠিসোটা নিয়ে সেখানে হামলা চালায়। তারা চেয়ার-টেবিল ছাড়াও সাত-আটটি মোটরসাইকেল ভাঙচুর করে। হামলায় তাঁদের অন্তত আটজন নেতা-কর্মী আহত হন।জয়পুরহাট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান বলেন, ‘জয়পুরহাট ও বগুড়ার নেতাদের উপস্থিতিতে যুবদলের সম্মেলন চলছিল। সেখানে একজন সাংসদের নেতৃত্বে হামলা চালানো হয়। নিজ দলের সাংসদ ও তাঁর সন্ত্রাসী বাহিনীর হাতে মার খেয়ে ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরাও হামলাকারীদের ধাওয়া করেন। ক্ষুব্ধ কর্মী-সমর্থকেরা পরে একটি দোকান ভাঙচুর করেন।কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা উপপরিদর্শক (এসআই) সেলিম মালিক বলেন, পুলিশের বাধা উপেক্ষা করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।