যুবদলের দুই পক্ষের ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ নগর যুবদলের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক কমিটি নিয়ে গতকাল বুধবার জেলা শহরে সংগঠনের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে।সংগঠন সূত্রে জানা গেছে, মঙ্গলবার যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নারায়ণগঞ্জ নগর যুবদলের আগের কমিটি বিলুপ্ত করে ৩৪ সদস্যের সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। এতে বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকারকে আহ্বায়ক করা হয়। গতকাল বিকেলে এ কমিটির বিপক্ষে যুবদলের একাংশ শহরে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে নতুন করে গঠিত আহ্বায়ক কমিটির অনেক সদস্য অংশ নেন। এর মধ্যে রয়েছেন আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, মোয়াজ্জেম হোসেন মন্টি, সদস্য সরকার আলম, যুবদলের নেতা দেলোয়ার হোসেন দেলু, মল্লিক, জাহাঙ্গীর প্রমুখ। বিকেল পাঁচটার দিকে কমিটির পক্ষে যুগ্ম আহ্বায়কের পদে থাকা রানা মুজিব, মনোয়ার হোসেন শোখন, রিটন দেসহ আরও ৪০-৫০ জন পাল্টা মিছিল বের করেন। একপর্যায়ে শহরের ডিআইটি মোড়ে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে ধাওয়া করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। এ ব্যাপারে সদ্য ঘোষিত নগর যুবদলের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাকসুদুল আলম খন্দকার বলেন, ‘মিছিল করা যে কারও গণতান্ত্রিক অধিকার। তবে যাঁরা মিছিল করেছেন, তাঁরা সবাই কমিটিতে রয়েছেন। তাই তাঁরা কী কারণে মিছিল করেছেন, তা আমার বোধগম্য নয়।’পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, ঘটনার একপর্যায়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।