যুবদলের দুই পক্ষের মারামারি, আহত ৫
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের মানিকপুর এলাকায় যুবদলের কমিটি গঠন নিয়ে গতকাল বুধবার দুই পক্ষের মারামারিতে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছে। এ সময় একটি বাস ভাঙচুরের ঘটনা ঘটে।আহত নেতা-কর্মীরা হলেন: উপজেলার চরহাজারী ইউনিয়ন যুবদলের সভাপতি মো. হারুন, মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের আহ্বায়ক কবির আহম্মদ, রামপুরের যুবদলের কর্মী মো. সোহেল, মো. হূদয় ও মো. ডালিম। এর মধ্যে হারুনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। মারামারির সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ উপস্থিত ছিলেন। প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে মানিকপুরে স্থানীয় মাদ্রাসার হলরুমে মুছাপুর ও রামপুর ইউনিয়ন যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা চলছিল। ওই সময় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থী হওয়া নিয়ে পক্ষে-বিপক্ষে হট্টগোল বাধে। একপর্যায়ে নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরে তাঁরা মাদ্রাসার মাঠে এসে ইট ছোড়াছুড়ি করেন। এ সময় মুছাপুরের নেতা-কর্মীদের নিয়ে আসা একটি বাস ভাঙচুর করা হয়। জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুল হাই প্রথম আলোকে বলেন, যুবদলের কমিটি গঠন নিয়ে নেতা-কর্মীদের মধ্যে কিছুটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। পরে জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।কোম্পানীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, পুলিশ যাওয়ার পর পরিস্থিতি শান্ত হয়। বিএনপি ও যুবদলের দলের নেতারা বলেছেন, তাঁদের সমস্যা তাঁরা মিটমাট করে দেবেন।