যুবদলের দুই পক্ষের সংঘর্ষ চারজন গুলিবিদ্ধ
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার পাগলা নন্দলালপুর এলাকায় গতকাল শনিবার যুবদলের দুই পক্ষের সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের মুক্তির দাবিতে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক একরামুল কবীর ওরফে মামুনের পক্ষ গতকাল বিকেলে নন্দলালপুর এলাকায় সমাবেশের আয়োজন করে। একই দাবিতে ওই জায়গার আধা কিলোমিটার দূরে ফতুল্লার নয়ামাটি এলাকায় থানা যুবদলের সভাপতি শহিদুল্লাহ ওরফে টিটুর পক্ষ আরেকটি সমাবেশের আয়োজন করে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রের ভাষ্যমতে, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল্লাহর পক্ষ বিকেলে সমাবেশ শেষে একটি মিছিল নিয়ে নন্দলালপুর এলাকায় পৌঁছালে একরামুল কবীরের পক্ষ তাঁদের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এ সময় শাহ আলম, নূর ইসলাম, আল আমীন ও মাসুম গুলিবিদ্ধ হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহত অন্যদের নারায়ণগঞ্জ হাসপাতালে পাঠানো হয়।সংঘর্ষের সময় ঘটনাস্থলে সদর উপজেলার কুতুবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি পান্না মোল্লাকে পিস্তল হাতে দেখা যায়। তিনি একরামুল কবীরের পক্ষের বলে জানা গেছে।শহিদুল্লাহর দাবি, তাঁদের মিছিল নন্দলালপুর এলাকায় পৌঁছালে একরামুল কবীরের পক্ষ তাঁদের ওপর হামলা চালায় ও গুলিবর্ষণ করে। এতে তাঁদের চারজন গুলিবিদ্ধ হয়েছে।একরামুল কবীর বলেন, দুপুরে শহিদুল্লাহর পক্ষের লোকজন দুটি মাইক্রোবাস ও বেশ কয়েকটি মোটরসাইকেলযোগে এসে তাঁদের সমাবেশের জন্য রাখা কয়েকটি চেয়ার ও মাইক ভাঙচুর করে। বিকেলে তাঁদের সমাবেশ চলাকালে ওই পক্ষের ৩০-৪০ জন তাঁদের সমাবেশস্থলে এসে ইটপাটকেল নিক্ষেপ করে এবং একপর্যায়ে সমাবেশ লক্ষ্য করে গুলি চালায়। তখন সমাবেশে আসা নেতা-কর্মীরা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘গুলিবর্ষণ হওয়ার কথা শুনেছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।’