যুবদলের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত রোববার রাতে যুবদলের দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৮ জন আহত হয়েছে। এ সময় দুটি দোকান, তিনটি বসতঘরে হামলা চালিয়ে ভাঙচুর ও কিছু মালামাল লুট করা হয়।জানা গেছে, যুবদলের উপজেলার ছয় নম্বর কেরোয়া ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক তুহিন হোসেন এক বন্ধুকে নিয়ে রাস্তার পাশে ধূমপান করছিলেন। এ সময় যুবদলের ওই ওয়ার্ড সাধারণ সম্পাদক রুবেল তাঁর স্ত্রীকে নিয়ে পাশ দিয়ে যাচ্ছিলেন। পরে রুবেল তুহিনের বিরুদ্ধে সিগারেটের ধোঁয়া তাঁর দিকে ছাড়ার অভিযোগ এনে কামাল ও মামুনসহ একদল যুবক নিয়ে দুটি দোকান ও তিনটি বসতঘরে হামলা চালান। ঘটনার একপর্যায়ে দুই পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। রুবেলের লোকজন কালু মিয়ার মুদি, ইসমাইলের চায়ের দোকানসহ যুবদলের ওয়ার্ড শাখার সাংগঠনিক সম্পাদক আবদুর রব ফারুক, ইসমাইল হোসেন ও বাচ্চু মিয়ার বসতঘরে হামলা ও ভাঙচুর চালান। আহত ব্যক্তিরা হলেন কালু মিয়া, শিউলি আক্তার, রুনু বেগম, সোহাগ, তুহিন, তছলিম পাটোয়ারী, ইসমাইল হোসেন, মিজানুর রহমান, মো. রাব্বি, ফাতেমা, ইমন মোবারকসহ ১৮ জন। আহত ব্যক্তিদের রায়পুর উপজেলা কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে তুহিন হোসেন ও রুবেল পরস্পর পরস্পরকে দোষারোপ করে পাল্টাপাল্টি বক্তব্য দেন। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের থানায় মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।