যুবদলের নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অভিনন্দন জানিয়ে চট্টগ্রাম নগর যুবদলের দুটি পক্ষ পৃথকভাবে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল বুধবার সকাল ও বিকেলে নাসিমন ভবন চত্বরে দুটি পক্ষ এই কর্মসূচি পালন করে।

বিকেলে নগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের নেতৃত্বে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। কাজীর দেউড়ির মোড় থেকে তাঁদের নেতৃত্বে বের করা মিছিল দলীয় কার্যালয় নাসিমন ভবন চত্বরে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশ আজ স্বৈরাচারের কবলে। দেশে কোনো গণতন্ত্র নেই। এই সরকার বাক্স্বাধীনতা কেড়ে নিয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর হামলা ও নির্যাতন চালিয়ে ভিন্ন মতের ওপর অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। কিন্তু শ্বাসরুদ্ধকর পরিস্থিতি বেশি দিন থাকবে না। যুবদলের নতুন নেতৃত্ব গণতন্ত্র ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে।

সমাবেশে সভাপতিত্ব করেন নগর যুবদলের সভাপতি কাজী বেলাল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর যুবদলের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন।

এদিকে গতকাল সকালে নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদের নেতৃত্বে আলাদা আনন্দ মিছিল হয়েছে। কাজীর দেউড়ির মোড় থেকে মিছিলটি বের হয়। পরে নাসিমন ভবন চত্বরে সমাবেশ করা হয়। সমাবেশে মোহাম্মদ শাহেদ বলেন, অবৈধ সরকার পুলিশ-র‍্যাবের ওপর ভর করে টিকে আছে। জনমতের তোয়াক্কা না করে নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মাধ্যমে গণতন্ত্রের সব রাস্তা বন্ধ করে দিয়েছে সরকার। ক্ষমতা দীর্ঘায়িত করতে নির্দয় দমন-নিপীড়ন চালানো হচ্ছে। জনগণ রাস্তায় নেমে এলে সরকার টিকে থাকতে পারবে না। যুবদলের নতুন নেতৃত্ব সরকারের পতন ঘণ্টা বাজাবে।