যুবদলের নেতা আবুল হাশেম বক্কর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগর যুবদলের নেতা ও যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি আবুল হাশেম বক্করকে গতকাল বুধবার সকালে নগরের এনায়েত বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এদিকে আবুল হাশেমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল বিকেলে মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ আদেশ দেন।
আবুল হাশেমকে নগরের কোতোয়ালি থানার একটি বিস্ফোরক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। আর তাঁর আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত আজ বৃহস্পতিবার এ নিয়ে শুনানির দিন ধার্য করেন।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মুহাম্মদ রেজাউল মাসুদ প্রথম আলোকে বলেন, একটি বিস্ফোরক মামলায় আবুল হাশেমকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। আদালত ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান। সাত দিনের রিমান্ড ও জামিন আবেদনের ওপর আজ শুনানি হবে।
এদিকে হাজতখানা থেকে আবুল হাশেমকে প্রিজন ভ্যানে তোলার সময় দলীয় নেতা-কর্মীরা তাঁর মুক্তির দাবিতে স্লোগান দেন। র‌্যাব বলছে, নাশকতার পরিকল্পনার অভিযোগে আবুল হাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।