যুবদলের নেতাসহ বিভিন্ন স্থানে আট খুন
রাঙামাটির কাউখালীতে বৃহস্পতিবার প্রতিপক্ষের লোকজন যুবদলের এক নেতাকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চাঁদপুর সদর, ময়মনসিংহের নান্দাইল, গাজীপুরের শ্রীপুর, সিলেটের গোয়াইনঘাট, ঝালকাঠী, ফেনীর পরশুরাম ও চট্টগ্রামের পটিয়ায় গত কয়েক দিনে সাতজনকে হত্যা করা হয়। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর;কাউখালী (রাঙামাটি): উপজেলার বেতবুনিয়ায় গত বৃহস্পতিবার সকালে আরিফুর রহমান (২৮) নামের এক তরুণকে অপহরণের পর পিটিয়ে খুন করা হয়েছে। তিনি উপজেলা যুবদলের সদস্য। নিহত আরিফুর রহমানের পরিবারের দাবি, প্রতিপক্ষ আওয়ামী লীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়েছে। আওয়ামী লীগের স্থানীয় নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন। এ ঘটনায় নিহত আরিফুরের বড় ভাই বাহার উদ্দিন গতকাল কাউখালী থানায় হত্যা মামলা করেন। মামলায় উপজেলা যুবলীগের সদস্য মাহবুব আলম ওরফে প্রকাশ মাহাব্য, উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক ইসমাইল হোসেন ওরফে প্রকাশ বাচেক্যা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সামশুদ্দোহা চৌধুরী, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমানসহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।চাঁদপুর: চাঁদপুর সদর উপজেলার মধ্য ইচলী এলাকায় মঙ্গলবার দুপুরে তুচ্ছ ঘটনায় নূরুল ইসলামের স্ত্রী মমতাজ বেগম (৫০) খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ বিকেলে মমতাজের জা নিলুফা বেগমকে আটক করেছে। নান্দাইল (ময়মনসিংহ): উপজেলার নাগপুর গ্রামের আবুল কাশেম (৪৫) গত মঙ্গলবার রাতে খুন হয়েছেন। নান্দাইল থানার উপপরিদর্শক (এসআই) রামপদ মণ্ডল জানান, দেওয়ানগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের লোকজন আবুল কাশেমকে হত্যা করে। এ ঘটনায় নিহত আবুল কাশেমের ছেলে তারা মিয়া বুধবার নান্দাইল থানায় হত্যা মামলা করেছেন।শ্রীপুর (গাজীপুর): উপজেলার মাজুখান গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সুরুজ বাগমার (৫২) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। তিনি কৌচান গ্রামের সাদত আলী বাগমারের ছেলে। গত বৃহস্পতিবার বেলা একটায় বিনিরাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুরুজের চাচাতো ভাই বুরুজ বাগমার ও তাঁর সঙ্গীরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।গোয়াইনঘাট (সিলেট): উপজেলার মেউয়ারকান্দি গ্রামের মো. আলাউদ্দিনকে (৩৮) গত বুধবার কুপিয়ে হত্যা করা হয়েছে।ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের দুই নম্বর পানির ট্যাংক পাড়ার রতন সেনের ছেলে বিপ্লব সেনের লাশ বৃহস্পতিবার বেলা ১১টায় শহরের ব্যাপারী পাড়ার নয়ন আবাসিক হোটেলের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।পরশুরাম (ফেনী): বৃহস্পতিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা অটোরিকশার চালক মুলকেতুর রহমান ওরফে কালা মিয়াকে (২৮) হত্যা করে অটোরিকশা নিয়ে গেছে। উপজেলার জগৎপুর এলাকার ধলিয়া সড়কে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। পুলিশ বৃহস্পতিবার রাত ১০টায় টুক্কু মিয়া পুলের নিচ থেকে নিহত কালা মিয়ার লাশ উদ্ধার করে। গতকাল শুক্রবার সকালে নিহত কালা মিয়ার ভাই ফখরুল ইসলাম থানায় মামলা করেন।পটিয়া (চট্টগ্রাম): একদল সন্ত্রাসী দুই রাখালকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে কোরবানির জন্য কেনা দুটি গরু নিয়ে গেছে। গত মঙ্গলবার ভোরে উপজেলার চরকানাই ফুলতল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে আজগর আলী (৩৫) নামের এক রাখাল মারা যান। নিহত রাখালের বাড়ি পটিয়া উপজেলার কোলাগাঁও গ্রামে। ঘটনার সময় পালিয়ে যাওয়ার পথে স্থানীয় লোকজন মদন আলী (২৭) নামের এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে আটক করে পুলিশে সোপর্দ করে।