যুবদলের নয়জন নেতা জেলহাজতে
বান্দরবানে জেলা যুবদলের দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় গতকাল সোমবার আদালত উভয় পক্ষের নয়জনের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর আদেশ দিয়েছেন। তাঁদের মধ্যে মাবুদ পক্ষের প্রধান আবদুল মাবুদ ও মিটন পক্ষের প্রধান মশিউর রহমান মিটনও রয়েছেন।
বিএনপির নেতা-কর্মীরা জানিয়েছেন, যুবদলের বিবদমান মাবুদ পক্ষ ও মিটন পক্ষ গত শুক্রবার জেলা বিএনপির সমাবেশ চলাকালে হামলা ও পাল্টা হামলা চালিয়েছে। এ ঘটনায় বান্দরবান সদর থানায় উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে মামলা দায়ের করলে পুলিশ তাদের খুঁজতে থাকে। উভয় পক্ষ আইনজীবীর মাধ্যমে জামিন নিতে জ্যেষ্ঠ বিচারিক হাকিম সালামত উল্লাহর আদালতে হাজির হয়।
আদালত সূত্রে জানা যায়, মিটনের পক্ষ ২৬ জনের বিরুদ্ধে এবং মাবুদের পক্ষ ২৭ জনের বিরুদ্ধে দায়ের করা মামলায় অধিকাংশ আসামি আদালতে হাজির ছিলেন। যাঁদের জামিনযোগ্য ধারায় আসামি করা হয়েছিল, আদালত তাঁদের জামিনের আদেশ দিয়েছেন। কিন্তু মাবুদ পক্ষের আবদুল মাবুদ, আবু বক্কর, শাহাদাৎ হোসেন, সেলিম রেজা, আবু সালেহ, সিরাজুল ইসলাম ও গোলাম সারোয়ার এবং মিটন পক্ষে মশিউর রহমান মিটন ও জহির উদ্দিন মাছুমের জামিন নামঞ্জুর করেন বিজ্ঞ বিচারিক হাকিম।
যুবদলের আদিবাসীবিষয়ক কেন্দ্রীয় সম্পাদক মং শৈ ম্রাই বলেছেন, জেলা যুবদলের সভাপতির পদ থেকে মশিউর রহমান মিটনকে বহিষ্কারের জন্য সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি কেন্দ্রীয় কমিটিকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো হয়েছে। বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলোতে তাঁর বিভাজন সৃষ্টির বিষয়টিও যুবদল ও বিএনপির ঊর্ধ্বতন মহলের সবাইকে জানানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।