কক্সবাজারের টেকনাফে একই স্থানে একই সময়ে আজ বৃহস্পতিবার যুবদলের দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
দলীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুরে পৌরসভার হোটেল দ্বীপ প্লাজার সামনে উপজেলা যুবদলের একাংশ সমাবেশের আয়োজন করে। এই অংশের নেতৃত্বে রয়েছেন উপজেলা যুবদলের সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের দাবিদার রাশেদুল করিম ও হাসান সিদ্দিকী। এই অংশ ইতিমধ্যে মঞ্চও তৈরি করেছে।
এদিকে যুবদলের আরেক পক্ষ একই স্থানে একই সময়ে সমাবেশ আহ্বান করে। এই অংশের নেতৃত্ব দিচ্ছেন দেলোয়ার হোসেন ও মো. সেবর আলম।
দেলোয়ার হোসেন বলেন, ২০১১ সালের ১৯ নভেম্বর টেকনাফ উপজেলা যুবদলের কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক তিনি এবং যুগ্ম আহ্বায়ক মো. সেবর আলম। তিনি বলেন, ‘যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৪ অক্টোবর যুবসমাবেশ কর্মসূচি ঘোষণা করি। কিন্তু অন্য পক্ষ তা ভন্ডুলের চক্রান্ত করছে।’
অন্যদিকে রাশেদুল করিম বলেন, পূর্বনির্ধারিত এই সমাবেশের জন্য তাঁরা প্রশাসনের অনুমতিও নিয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) সেলিনা কাজী বলেন, যুবদলের দুটি পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তাই পৌরসভায় বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরহাদ বলেন, ১৪৪ ধারা জারি করায় কাউকে সমাবেশ করতে দেওয়া হবে না।