যুবদলের মিছিলে পুলিশের লাঠিপেটা, গ্রেপ্তার ৩
ফরিদপুর যুবদলের বিক্ষোভ মিছিলে লাঠিপেটা করে সংগঠনের দুই নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার বেলা ১১টার দিকে শহরের জনতা ব্যাংকের মোড়ে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, শহরের পূর্ব খাবাসপুর থেকে যুবদলের মিছিলটি বের করা হয়। জনতা ব্যাংকের মোড়ে আসার পর পুলিশ মিছিলকারীদের ওপর লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায় এবং ঘটনাস্থল থেকে জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক রাজীব হোসেন, যুবদলের কোতোয়ালি শাখার সহদপ্তর সম্পাদক উজ্জ্বল মিয়া ও কর্মী মো. রুমানকে গ্রেপ্তার করে পুলিশ।জেলা যুবদলের সভাপতি আফজল হোসেন খান জানান, পুলিশ বিনা প্ররোচনায় শান্তিপূর্ণ মিছিলে লাঠিপেটা করেছে। ফলে সংগঠনের কমপক্ষে ১০ জন নেতা-কর্মী আহত হয়েছেন। ফরিদপুর কোতোয়ালি থানার এসআই মো. আমিনুজ্জামান জানান, ঘটনার সময় যুবদলে নেতা-কর্মীরা পুলিশের ওপর ইট ছোড়েন। এতে পুলিশের কয়েকজন সদস্য আহত হন।