যুবদলের সদস্য রিপনের খোঁজ মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে মাহবুবুর রহমান ওরফে রিপন নামের যুবদলের এক সদস্য এক সপ্তাহ ধরে নিখোঁজ রয়েছেন। পরিবারের দাবি, তাঁকে সাদাপোশাকধারী র‌্যাব সদস্যরা ২০ মার্চ রাতে বাসা থেকে ধরে নিয়ে গেছেন।
গতকাল শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের একটি গণমিলনায়তনে সংবাদ সমেঞ্চলনের মাধ্যমে পরিবার দাবি করে।
সংবাদ সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ মাহবুবুর রহমানের স্ত্রী আকলিমা আক্তার। এ সময় মাহবুবুরের দুই শিশুসন্তান নিসাত (৫) ও ফারিয়াকে (১০ মাস) কোলে নিয়ে উপস্থিত ছিলেন তাঁর মা রৌশনারা বেগম, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিস্টার প্রমুখ।
মাহবুবুরের স্ত্রী অভিযোগ করেন, ২০ মার্চ মধ্যরাতে শহরের পাঠানবাড়ী রোডের আল বেরুনী কিন্ডারগার্টেন-সংলগ্ন ভাড়া বাসায় ঘুমন্ত অবস্থায় মাহবুবুরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে সাদাপোশাকধারী সাত-আটজন ঘর থেকে বের করে একটি মাইক্রোবাসে করে অজ্ঞাত স্থানে নিয়ে যান। এ সময় বাসার বাইরে পোশাকধারী র‌্যাব সদস্যরা অবস্থান নেন। ২১ মার্চ সকালে মাহবুবুরের মা রৌশনারা বেগম ছেলেকে খুঁজতে যান ফেনীর র‌্যাব-৭ ক্যাম্পে। মাহবুবুর রহমান নামে কাউকে আটক করা হয়নি বলে ক্যাম্প থেকে জানানো হয়। এ ব্যাপারে মাহবুবুরের স্ত্রী আকলিমা আক্তার ফেনী মডেল থানায় জিডি করতে গেলে পুলিশ তা নিতে অপারগতা প্রকাশ করে।
ফেনী মডেল থানার ওসি মাহবুব মোর্শেদ বলেন, গতকাল মাহবুবুরের স্ত্রী লিখিত অভিযোগ করেছেন। সেখানে কারও নাম নেই। তদন্তক্রমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।