যুবদলের সভাপতিসহ ৩২ জনের নাম উল্লেখ করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর নয়াপল্টনে গত বুধবার বিকেলে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় ওই দিন রাতে পল্টন মডেল থানায় মামলা করেছে পুলিশ। মামলায় জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৬ নেতাসহ ৩২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৩০-১৫০ জনকে আসামি করা হয়েছে।পুলিশ জানায়, পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) তাহের ভূঁইয়া বাদী হয়ে পুলিশের ওপর হামলা, কর্তব্যে বাধা, গাড়ি পোড়ানোসহ বিভিন্ন অভিযোগে থানায় মামলাটি করেন। এজাহারে আসামি হিসেবে নাম উল্লেখ করা ২৬ নেতার মধ্যে রয়েছেন: যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান ও মীর শরাফত আলী, ছাত্রদলের সভাপতি আবদুল কাদের ভূঁইয়া, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান, ছাত্রশিবিরের সভাপতি দেলোয়ার হোসেন সাঈদী।ঘটনার পর আটক ছয়জন মাহমুদুল হাসান, নুরুল আমিন, সেলিম রেজা, নূর মোহাম্মদ, তালেব মাহমুদ ও আবদুল আলীমকেও এ মামলায় আসামি করে গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে তাঁদের ঠিকানা দেওয়া হলেও দলীয় পরিচয় উল্লেখ করা হয়নি।মামলা হওয়ার বিষয়টি গতকাল বৃহস্পতিবার নিশ্চিত করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম। তিনি এ মামলার তদন্তকারী কর্মকর্তা। বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ চলাকালে ওই সংঘর্ষে কয়েকজন আহত হন। ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে আটক করে।