যুবদলের সভাপতিসহ ৪৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র
যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল আলমসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৩ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। গত শুক্রবার মতিঝিল থানার পুলিশ মুখ্য মহানগর হাকিমের আদালতে এই অভিযোগপত্র জমা দেয়। গত ২ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় পল্টন ও রমনা থানায় তিনটি মামলা করে পুলিশ। এর মধ্যে পল্টন থানায় দায়ের হওয়া দ্রুত বিচার আইনের মামলায় অভিযোগপত্র জমা দিল পুলিশ। পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার মো. আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৪৯ জনের বিরুদ্ধে পল্টন থানায় দ্রুত বিচার আইনে মামলা করা হয়েছিল। তদন্তে স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিবুন নবী খানসহ ছয়জনের সম্পৃক্ততা পাওয়া যায়নি। বাকি পাঁচজন পথচারী, দোকান কর্মচারী ও বিএনপির কর্মী। তাই তাঁদের নাম বাদ দেওয়া হয়েছে। এ ছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে দ্রুত বিচার আইনের মামলায় হুকুমের আসামি করা হলেও ঘটনায় সম্পৃক্ততা না পাওয়ায় তাঁর নামও বাদ পড়েছে।