যুবদলের সম্মেলনে অস্ত্রবাজির ঘটনায় আরেকজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনের দিন অস্ত্রবাজির ঘটনায় করা মামলার আসামি তারেক আল সাইফ ওরফে শিপলুকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর আদালতে হাজির করা হলে আদালত গতকাল বুধবার তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত মঙ্গলবার বেলা একটা ৩৫ মিনিটে কুমিল্লার আদর্শ সদর উপজেলার আলেখারচরের একটি হোটেলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানার পুলিশ। তাঁর বাড়ি শহরের বিষ্ণুপুর পানির ট্যাংক এলাকায়। এ নিয়ে গত সাড়ে সাত মাসে পুলিশ আট অস্ত্রবাজকে গ্রেপ্তার করেছে। কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে জানান, মঙ্গলবার দুপুরে নির্বাচনী কাজে পুলিশের একটি দল দুর্গাপুর উত্তর ইউনিয়ন এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে যায়। সেখান থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন আলেখারচরে একটি হোটেলের সামনে বিপুলসংখ্যক মানুষের সমাগম দেখে পুলিশ গাড়ি থামায়। একপর্যায়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও কুমিল্লার কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শাহজাহান কবীর সেখানে শিপলুকে দেখতে পান। এরপর সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। শিপলু দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জাহাঙ্গীর আলম তাজু মেম্বারের নির্বাচনী প্রচারে অংশ নিচ্ছিলেন। শিপলুর বিরুদ্ধে চকবাজারের একটি ঘটনায় মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাহান কবীর বলেন, শিপলুুকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। শিপলুর ব্যবহূত মোটরসাইকেল দিয়ে যুবদলের সম্মেলনের দিন অস্ত্রধারীরা পালিয়ে যায়। শিপলু বিষ্ণুপুর মুন্সেফ কোয়ার্টারের শীর্ষ অস্ত্রবাজ কাজী জামানের অন্যতম সহযোগী।২০১০ সালের ১০ অক্টোবর কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সম্মেলনের দিন দুপুর ১২টায় শহরের কান্দিরপাড় টাউন হল মাঠের সামনে প্রকাশ্যে অস্ত্রবাজির ঘটনা ঘটে। ওই ঘটনায় চার পুলিশসহ সাধারণ পথচারীরা ককটেল বিস্ফোরণে আহত হয়। এতে পুলিশের ওপর হামলা ও বিস্ফোরকদ্রব্য আইনে দুটি মামলা হয়। উভয় মামলায় শিপলুকে আসামি দেখানো হয়।