যুবলীগ ও ছাত্রলীগের হামলায় যুবদলের ১০ নেতা-কর্মী আহত
বাগেরহাটের মংলা উপজেলায় শনিবার ছাত্রলীগ ও যুবলীগের হামলায় যুবদলের ১০ নেতা-কর্মী ও পুলিশের লাঠিপেটায় ছাত্রলীগের সাত কর্মী আহত হয়েছেন। পুলিশ, প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা যায়, শনিবার সকালে ছাত্রশিবির প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে শহরে পোস্টার লাগায়। এ ঘটনায় ছাত্রলীগের কর্মীরা শিবিরের মংলা থানা শাখার সভাপতি শেখ আবিদ হাসানকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরে পুলিশ তাঁকে বাগেরহাট আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।মংলা থানা যুবদলের সভাপতি বাবুল হোসেন বলেন, বেলা তিনটার দিকে শ্রমিক আবাসিক এলাকায় যুবলীগের নেতা-কর্মীরা বিনা কারণে পৌর যুবদলের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানকে মারধর করেন। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার সময় সেখানে উপস্থিত যুবদলের নেতা-কর্মীদের ওপর আবারও যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা করেন। এতে থানা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল মামুন, কর্মী রতন, মাহফুজ ও হোসেনসহ ১০ জন আহত হন। তিনি দাবি করেন, ছাত্রশিবিরের পোস্টার লাগানোর সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা নেই। স্বাস্থ্য কমপ্লেক্সে হামলার সময় পুলিশ লাঠিপেটা করে এবং সেখান থেকে যুবলীগের কর্মী লিটনকে আটক করে থানায় নিয়ে যায়। সন্ধ্যায় লিটনকে আটকের প্রতিবাদে ছাত্রলীগ ও যুবলীগের কর্মীরা শহরে বিক্ষোভ মিছিল করেন এবং পরে চৌধুরী মোড়ে পথসভায় পুলিশবিরোধী বক্তব্য দিতে থাকলে পুলিশ আবার লাঠিপেটা করে এবং যুবলীগের আরও দুজন কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। মংলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি তাহের হাওলাদার বলেন, ‘সকালে ছাত্রশিবিরের প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে শহরে পোস্টার লাগানোর ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। যুবলীগ ও ছাত্রলীগ একতরফা কোনো হামলা চালায়নি। এতে আমাদেরও ২০ নেতা-কর্মী ও সমর্থক আহত হয়েছেন।’ মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।’ আটক যুবলীগের তিন কর্মীকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।