যুবলীগ ও বিএনপি নেতাসহ ১৩ জনকে আসামি করে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভুয়াপুরের ফলদা গ্রামের সর্বজনীন কালীমন্দিরে পেট্রল ঢেলে আগুন দেওয়ার ঘটনায় উপজেলা যুবলীগের আহ্বায়ক তাহেরুল ইসলাম ওরফে তোতা এবং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল হান্নানসহ ১২ জনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি সরণ দত্ত বাদী হয়ে গত শুক্রবার রাতে ভুয়াপুর থানায় মামলাটি করেন। জানা গেছে, মামলার অন্য ১০ আসামির সবাই বিএনপির রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট। তাঁরা হলেন নাজমুল সরকার, এরশাদ আলী, হারুন অর রশিদ, আনিছুর রহমান, আবদুল মালেক, শাহ আলম, আসাদ সরকার, নাঈম, মিজানুর রহমান ও বেলাল হোসেন। ১ এপ্রিল দিবাগত রাতে শতাধিক বছরের পুরোনো ফলদা গ্রামের সর্বজনীন কালীমন্দিরের কালী প্রতিমায় পেট্রল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। মামলায় অভিযোগ করা হয়, কালীমন্দিরে আগুন দেওয়ার সময় বিভিন্ন প্রতিমার সঙ্গে থাকা পাঁচ ভরি ওজনের স্বর্ণালংকার লুটসহ ৬০ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়। মন্দির কমিটির নেতারা জানান, ২০১১ সালের জুনে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে উপজেলা যুবলীগের আহ্বায়ক তাহেরুল আওয়ামী লীগের সমর্থিত চেয়ারম্যান প্রার্থী হিসেবে পরাজিত হন। স্থানীয় হিন্দুরা তাঁর পক্ষে নির্বাচন না করায় ওই বছর ৩ জুন রাতে তাঁর নেতৃত্বে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরা কালীমন্দির কমিটির সাধারণ সম্পাদক সন্তোষ দত্তের বাড়িসহ পাঁচটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট করেন। এরই ধারাবাহিকতায় কালীমন্দিরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে তাঁরা মনে করেন। যুবলীগের আহ্বায়ক তাহেরুল বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমাকে এই মামলায় জড়ানো হয়েছে। প্রকৃত অপরাধীদের আমিও বিচার চাই।’ ভুয়াপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারেচ আলী বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আসাদ সরকার, মিজানুর রহমান ও শাহ আলমকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।