যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সালথায় এক সাংবাদিকের বাড়িতে হামলা করার ঘটনায় পুলিশ স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে। ফরিদপুরের গোয়েন্দা পুলিশ (ডিবি) গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করে।
১২ ফেব্রুয়ারি ভোরে সালথার নিধিপট্টি গ্রামে স্থানীয় দৈনিক বাঙ্গালী খবর পত্রিকার সম্পাদক মো. সেলিম মোল্লার বাড়িতে অতর্কিত হামলা করা হয়। এ সময় সেলিম মোল্লার বাবা মো. মান্নান মোল্লা (৬৫), মা সালেহা বেগম (৬০) ও ছোট ভাইয়ের স্ত্রী পান্না বেগম (৩০) গুরুতর আহত হন। বর্তমানে তাঁরা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় মান্নান মোল্লা বাদী হয়ে সালথা থানায় আটজনের নাম উল্লেখ করে একটি মামলা করেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন সালথা উপজেলা যুবলীগের সহসভাপতি নকুলহাটি গ্রামের ওয়াসিম জাফর (৩৮) এবং উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খলিশাডুবি গ্রামের সৈয়দ আলী (৩৩)। শুক্রবার রাতে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
ওয়াসিম জাফরের ভাই হাসানুজ্জামান বলেন, গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে পুলিশ বাড়িতে এসে ওয়াসিমকে নিয়ে যায়। তাঁর ভাই কোনো সন্ত্রাসী ঘটনার সঙ্গে জড়িত নন।
ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ সাহা বলেন, সালথায় সাংবাদিকের বাড়িতে হামলা, ভাঙচুর ও মারপিটের ঘটনায় ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।