যুবলীগ কর্মী মেহেদী খুনের ঘটনায় মামলা
বায়েজিদ এলাকায় যুবলীগ কর্মী মেহেদী হাসান ওরফে বাদল খুনের ঘটনায় দুদিন পর আজ বৃহস্পতিবার রাতে বায়েজিদ থানায় মামলা করেছেন নিহতের স্ত্রী মোবাশ্বেরা বেগম। এই ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
নগর পুলিশের উপকমিশনার (উত্তর) পরিতোষ ঘোষ মামলা করার বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, এই খুনের ঘটনায় ২২ জনের নাম উল্লেখ করে একটি মামলা হয়েছে। এতে চার-পাঁচজনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। তিনি বলেন, ‘হত্যাকাণ্ডে দুর্বৃত্তরা একটি গুলি খরচ করেছেন। পেছন থেকে তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে। আমরা সব দিক থেকে তথ্য সংগ্রহ করছি। সঠিকভাবে এই খুনের তদন্ত হবে এবং হত্যাকারীরা পার পাবে না।’
মেহেদীর ঘনিষ্ঠ ও চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রলীগের সাবেক সভাপতি এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘মেহেদী ভাইয়ের স্ত্রী মোবাশ্বেরা বেগম বাদী হয়ে মামলা করেছেন। এই হত্যাকাণ্ডের ঘটনায় ২২ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে দুবাই প্রবাসী শফিকুল ইসলামসহ তিনজন হুকুমের আসামি। অজ্ঞাতনামা রয়েছেন আরও চার থেকে পাঁচজন।’
গত মঙ্গলবার রাত ১১টার দিকে বায়োজিদ থানাধীন শেরশাহ কলোনি এলাকায় মেহেদীকে সন্ত্রাসীরা খুন করে। তাঁকে খুন করতে একটি বুলেট ব্যবহার হয়েছে বলে পুলিশ জানিয়েছে। হত্যাকারী পেশাদার বলে পুলিশ কর্মকর্তারা মনে করছে।