যুবলীগ কর্মী রাসেল পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একরামুল হক
একরামুল হক

ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যা মামলায় গ্রেপ্তার এমরান হোসেন ওরফে রাসেলকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
যুবলীগ কর্মী রাসেলকে গত মঙ্গলবার রাতে পৌর এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ (ডিবি)৷ গতকাল তাঁকে ফেনীর বিচারিক হাকিম মোহাম্মদ খাইরুল আমীনের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানায় পুলিশ৷ শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন৷
এ ছাড়া একই মামলায় দুই দফায় আট দিনের রিমান্ড শেষে আলাউদ্দিন ওরফে আলমগীর হোসেনকে গতকাল একই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়৷
পুলিশ জানায়, একরাম হত্যার ঘটনায় ভিডিওচিত্র ও এর আগে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রাসেলের (২৫) নাম প্রকাশ পায়। অভিযোগ রয়েছে, তিনিও এই হত্যাকাণ্ডে অংশ নিয়েছিলেন৷
গত ২০ মে ফেনী থেকে ফুলগাজী যাওয়ার পথে ফেনীর একাডেমি এলাকায় চেয়ারম্যান একরামকে কুপিয়ে, গুলি করে ও গািড়সহ পুড়িয়ে হত্যা করা হয়৷ এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মিনার চৌধুরীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করে ফেনী মডেল থানায় মামলা করা হয়৷
মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রথম আলোকে জানান, একরাম হত্যা মামলায় এ পর্যন্ত ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ তাঁদের মধ্যে ১৩ জন কোনো না কোনোভাবে এ হত্যাকাণ্ডে জড়িত ছিলেন বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন৷ পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে৷ এ ছাড়া রাসেলসহ আটজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে৷