যুবলীগ কর্মী সবুজ হত্যায় দুজনের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জে ইউনিয়ন যুবলীগ কর্মী সবুজ মিয়াকে হত্যার দায়ে দুজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। এ মামলায় আরও এক আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার ৪ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ আদেশ দেন।

সবুজ সরারচর ইউনিয়নের যুবলী​গের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন এনাম হোসেন খোকন ও উনা মিয়া ওরফে উনা ডাকাত। পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে সাদেক হোসেনকে। এ ছাড়া মামলার অপর চার আসামি শাহিন মিয়া, সাইফুল আলম ওরফে টিটু, বদরুল আলম ওরফে শিপু ও মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত তিন আসামির মধ্যে উনা মিয়া ও সাদেক হোসেন কারাগারে রয়েছেন। পলাতক রয়েছেন এনাম হোসেন খোকন।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১২ সালের ২১ আগস্ট সবুজ মিয়াকে তাঁর বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। এর তিন দিন পর ২৪ আগস্ট তাঁর ১৪ টুকরা লাশ পাওয়া যায়। এ ঘটনায় কিশোরগঞ্জের বাজিতপুর থানায় একটি মামলা হয়। এ মামলায় সাদেক হোসেন, এনাম হোসেন খোকন ও উনা ডাকাত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়।

আদালত রায়ে বলেছেন, বর্তমান সমাজে অপহরণ, খুন ও গুম অহরহ ঘটছে। দেশে আইনি শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য এ আসামি দুজনের উপযুক্ত বিচার হওয়া জরুরি। আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে এ ধরনের নির্মম, নৃশংস, অগ্রহণযোগ্য ও ভয়ংকর অভিশাপ থেকে সমাজকে মুক্তি দেওয়া সম্ভব নয়। রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে যে আসামি এনাম হোসেন ও উনা ডাকাত একে অপরের যোগসাজশে পূর্বপরিকল্পনা অনুযায়ী সবুজ চৌধুরীকে নির্মমভাবে হত্যা করেছেন। প্রথমে তাঁর লাশ কচুরিপানার নিচে লুকিয়ে রাখে। পরে লাশ যাতে কেউ চিনতে না পারে, সে কারণে লাশটি ১৪ টুকরা করে ব্যাগে ভরে। এরপর বিলের পানিতে কচুরিপানার নিচে ইটচাপা দিয়ে তা লুকিয়ে রাখা হয়।