যুবলীগ কর্মী হত্যা মামলায় জামিনে মুক্ত মঠবাড়িয়ার মেয়র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যুবলীগের কর্মী লিটন পণ্ডিত (৩০) হত্যা মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার দুপুরে পিরোজপুর জেলা কারাগার থেকে তিনি ছাড়া পান। এ সময় আওয়ামী লীগের কয়েক শ নেতা-কর্মী তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন।

গত ২৯ জানুয়ারি মঠবাড়িয়া জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে রফিউদ্দিন আহমেদ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক মো. বেল্লাল হোসেন জামিনের আবেদন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর রফিউদ্দিন আহমেদ পিরোজপুর কারাগারে ছিলেন। কারাগারে যাওয়ার পর রফিউদ্দিন আহমেদ অসুস্থতার কারণে জামিন চেয়ে পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে জামিনের আবেদন করেন। আজ বুধবার শুনানি শেষে বিচারক মো. গোলাম কিবরিয়া পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদের জামিন মঞ্জুর করেন।

পিরোজপুর জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, পৌরসভার মেয়র রফিউদ্দিন আহমেদ অসুস্থ। তিনি মালয়েশিয়া ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেওয়ার কাগজপত্র আদালতে জমা দিয়ে জামিনের আবেদন করলে বিচারক অসুস্থতার কারণে তাঁর জামিন মঞ্জুর করেন।

গত বছরের ২৫ জুলাই বিকেলে মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষে লিটন পণ্ডিত গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনায় লিটন পণ্ডিতের বড় ভাই জাকির হোসেন পণ্ডিত বাদী হয়ে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদসহ ১৫ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ৪০ জনকে আসামি করে স্থানীয় থানায় হত্যা মামলা করেন। গত আগস্টে পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ হাইকোর্ট থেকে আট সপ্তাহ আগাম নেন। তবে জামিনের মেয়াদ শেষ হওয়ার পর হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তিনি নিম্ন আদালতে হাজির হননি।