যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করায় সড়ক অবরোধ
নোয়াখালীর সেনবাগে যুবলীগের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত দুই কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ ও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেছেন দলীয় কর্মীরা।
গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। পরে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে ডমুরুয়া ইউনিয়নের হরিণকাটা গ্রাম থেকে যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন মো. উজ্জ্বল ও খুরশিদ আলম। তাঁরা দুজনই কৃষক লীগের কেন্দ্রীয় আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক প্রকৌশলী সাখাওয়াত হোসেন দুলালের ওপর হামলার একটি ঘটনায় দায়ের হওয়া মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি।
এ ঘটনার জের ধরে গতকাল সকাল সাড়ে ১০টার দিকে উজ্জ্বল ও খুরশিদের সহযোগী দলীয় কর্মীরা সাতবাড়িয়া-ফকিরহাট বাজারের উত্তর পাশে একটি সমিলের গাছের গুঁড়ি ফেলে সেনবাগ-সোনাইমুড়ী সড়ক অবরোধ করেন এবং পাঁচ-ছয়টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করেন। এতে বেলা প্রায় সোয়া ১১টা পর্যন্ত ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে।
পরে খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এরপর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম বলেন, যুবলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করায় তাঁদের সহযোগীরা সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুরের চেষ্টা করেন।