যুবলীগ কর্মীদের বিরুদ্ধে সাংবাদিকের দোকানে তালা দেওয়ার অভিযোগ
সংবাদ প্রকাশের জের ধরে যুবলীগের কর্মীরা সিলেটের বালাগঞ্জ সদরের এক সাংবাদিকের ব্যবসাপ্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার বেলা পৌনে তিনটার দিকে যুবলীগের ক্যাডাররা দৈনিক যুগান্তর-এর বালাগঞ্জ প্রতিনিধি জুবেল আহমদ ওরফে সেকেলের গোয়ালাবাজারের কাপড়ের দোকানে তালা ঝুলিয়ে দেয়। দোকানের ব্যবস্থাপক তপন এর কারণ জানতে চাইলে যুবলীগের কর্মী হেলাল ও তাঁর সহযোগীরা বলেন, জাবেদ আহমদ ওরফে আম্বিয়া (ওসমানীনগর থানা যুবলীগের একাংশের সাধারণ সম্পাদক) এলে সব জানা যাবে। কিছুক্ষণ পরে জাবেদ আহমদ একদল যুবলীগকর্মী নিয়ে সেখানে এসে মহড়া দেন। স্থানীয় প্রশাসনকে বিষয়টি অবহিত করা হলেও সন্ধ্যা সাতটা পর্যন্ত দোকানের তালা খোলার ব্যাপারে কোনো ব্যবস্থাই নেয়নি প্রশাসন। জাবেদ আহমদ বলেন, ‘খবর পেয়ে আমি সেখানে গিয়েছি। এ ঘটনার সঙ্গে আমার কোনো সংশ্লিষ্টতা নেই।’ এ ব্যাপারে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম বলেন, ‘আমরা ঘটনা শুনেছি। এজাহার দিলে সব কটাকে ধরে নিয়ে আসব।’গত ১৬ এপ্রিল স্থানীয় ও জাতীয় বিভিন্ন পত্রিকায় বালাগঞ্জের গোয়ালাবাজারে জাবেদ আহমদ ওরফে আম্বিয়ার নেতৃত্বে হামলা ও সংবাদকর্মীর ক্যামেরা ভাঙচুর করার একটি প্রতিবেদন প্রকাশিত হয়।