যুবলীগ কর্মীদের ভাড়া করে এনে জমি দখল!
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার হরিনাথপুর বাজারের বিরোধপূর্ণ জমি গত সোমবার দখল করা হয়েছে। ভাড়ায় এসে ধুনট উপজেলার যুবলীগের কয়েকজন নেতা-কর্মী একটি পক্ষের হয়ে জমি দখল করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।কাজীপুর থানার পুলিশ ও এলাকাবাসী সূত্র থেকে জানা গেছে, কাজীপুর উপজেলার হরিনাথপুর বাজারের ৫৪ শতক জমি নিয়ে আবদুর রাজ্জাক এবং একই গ্রামের সাইফুল ইসলামের মধ্যে দ্বন্দ্ব চলছে। এই জমি নিয়ে সিরাজগঞ্জ জেলা সহকারী জজ আদালতে মামলা রয়েছে। পাঁচ বছর আগে আবদুর রাজ্জাক পক্ষ দখল নিয়ে সেখানে আধাপাকা মার্কেট নির্মাণ করে ব্যবসা করছে। দুই বছর ধরে পৈতৃক সূত্রে মালিকানার দাবি তুলে সাইফুল ইসলাম ওই জমি দখলের চেষ্টা করছেন। গত সোমবার সকাল ১০টায় সাইফুল ইসলাম ধুনট উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, বন ও পরিবেশ সম্পাদক গোলাম মুহিত চান, সহসভাপতি আশরাফুল কবির, সদস্য ফরহাদ হোসেন, সুজন, টিপু, পৌর যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ ২০-২৫ জন জমিটি দখল করে নেন। এ সময় তাঁদের ভয়ে মার্কেটের ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালিয়ে যান। তাঁরা সেখানে নতুন করে দুটি ঘর নির্মাণ করার পর চলে যান। ঘটনাস্থলে উপস্থিত আবদুর রাজ্জাকের ছেলে টিপু মিয়া অভিযোগ করেন, ‘ক্রয়সূত্রে আমরা জমির মালিক। দীর্ঘদিন ধরে আমরা এখানে মার্কেট নির্মাণ করে ব্যবসা করছি। সাইফুল ইসলাম ধুনট থেকে যুবলীগের নেতা-কর্মীদের ভাড়া করে এনে অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের জায়গায় দুটি ঘর তুলেছে। আমরা সংখ্যায় কম থাকায় বাধা দিইনি।’সাইফুল ইসলাম দাবি করেন, ‘পৈতৃক সূত্রে এই জমির মালিক আমি। এ কারণে আমি জায়গা দখল নিয়ে ঘর তুলেছি। যুবলীগের ক্যাডারদের কেন ভাড়া করে এনে দখল করেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ওরা আমাদের আত্মীয়স্বজন। এ কারণে তাদের ডেকে এনেছি।’দখলের ঘটনায় জড়িত যুবলীগের নেতা সাইদুল ইসলাম দাবি করে বলেন, ‘আবদুর রাজ্জাক কাগজপত্র ছাড়া দীর্ঘদিন ধরে জমি দখল করে রেখেছিল। আত্মীয় হওয়ায় আমরা সাইফুলের পক্ষ হয়ে ওই জমি দখল করে দিয়েছি।’ধুনট উপজেলা যুবলীগের সভাপতি মতিউর রহমান দাবি করেন, ‘একটি জায়গা নিয়ে দুটি পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে, বিষয়টি আমি জানি। তবে আমি দখলের বিষয়ে কিছু জানি না। অমি ঘটনাস্থলে যাইনি। অন্যরা যেতে পারে।’কাজীপুর থানার এসআই শাহজাহান আলী বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। দুটি পক্ষের মধ্যে জায়গা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। আদালতে মামলাও চলছে। গতকাল এক পক্ষ দুটি ঘর তুলেছে। এ ঘটনায় টিপু মিয়া বাদী হয়ে কাজীপুর থানায় মামলা করেছেন। তদন্তের পর বিস্তারিত জানানো যাবে।’