যুবলীগ কর্মীদের হাতে প্রকৌশলী লাঞ্ছিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা পৌরসভার অবকাঠামো উন্নয়ন কাজের দরপত্র সদর উপজেলা পরিষদে সরবরাহ করায় গত সোমবার প্রকৌশলীকে লাঞ্ছিত করেছেন যুবলীগের কর্মীরা। পৌরসভা সূত্রে জানা যায়, ২৪ লাখ টাকার পৌরসভার অবকাঠামো উন্নয়ন কাজের দরপত্র বিক্রির শেষ দিন ছিল গতকাল মঙ্গলবার। ওই দরপত্র বিক্রির জন্য উপজেলা পরিষদ ও স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বিভিন্ন কার্যালয়ে রাখা ছিল। উপজেলা পরিষদে রাখা সবকটি দরপত্র বিক্রি হয়ে যাওয়ায় পৌরসভার প্রকৌশলী শাফিউল করিম সোমবার আরও কিছু দরপত্র সেখানে সরবরাহ করেন। এ কারণে নলডাঙ্গা থানা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মুশফিকুর রহমানের ছোট ভাই যুবলীগের কর্মী মুকুল রহমান ক্ষিপ্ত হন। কারণ, তিনিসহ কয়েকজন যুবলীগের কর্মী কাজটি নিজেদের মধ্যে রাখার জন্য জোটবদ্ধ হয়েছেন। এ উদ্দেশ্যে তাঁরা ওই প্রকৌশলীকে অন্যত্র দরপত্র সরবরাহ করতে নিষেধ করে দেন। তাঁদের আদেশ উপেক্ষা করায় ক্ষিপ্ত হয়ে সোমবার দুপুরে মুকুল রহমানের নেতৃত্বে কয়েকজন পৌরসভায় গিয়ে ওই প্রকৌশলীকে কিল-ঘুষি মেরে লাঞ্ছিত করেন। এ সময় পৌরসভার অন্য কর্মী এসে তাঁকে রক্ষা করেন। প্রকৌশলী শাফিউল করিম বলেন, ‘হামলাকারীরা পরে নিজেদের ভুল বুঝতে পেরেছেন। তাঁরা ওই দিনই পৌর ও থানা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে নিয়ে পৌরসভায় আসেন এবং ক্ষমা চেয়ে যান। তাই এ ব্যাপারে থানায় অভিযোগ দেইনি।’ মুকুল রহমান বলেন, ‘তেমন কিছু হয়নি। প্রকৌশলীর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছিল। মিটমাট করে নিয়েছি।’ পৌরসভার মেয়র আব্বাছ আলী বলেন, ‘ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যস্থতায় অভিযুক্তরা প্রকৌশলীর কাছে ক্ষমা চেয়েছেন।’