যুবলীগ কর্মীর দুই আঙুল কর্তন
নাটোর শহরে গত রোববার যুবলীগের কয়েকজন কর্মী ওই সংগঠনের এক কর্মীর ডান হাতের দুটি আঙুল কেটে নিয়েছেন। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে। ওই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার পুলিশ সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাতটার দিকে সদর থানা থেকে মাত্র ৫০০ গজ উত্তরে জেলা যুবলীগ কার্যালয়ের সামনে যুবলীগের কর্মী ওবাইদুল ইসলাম (২৬) দাঁড়িয়ে ছিলেন। এ সময় লাবুসহ যুবলীগের চার কর্মী হাঁসুয়া হাতে করে এসে তাঁকে ঘিরে ধরেন এবং এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তাঁর ডান হাতের দুই আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। এ ছাড়া তাঁর মাথা ও পেট গুরুতর জখম হয়। এ সময় ওবাইদুল নিস্তেজ হয়ে পড়লে তাঁকে মৃত ভেবে হামলাকারীরা একটি অটোরিকশা করে চলে যান।
এর কিছুক্ষণ পর পুলিশ এসে তাঁকে উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে ভর্তি করায়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
নাটোর জেলা যুবলীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম জানান, হামলাকারীরা ও আহত ওবাইদুল যুবলীগের কর্মী। তাঁরা যুবলীগের একজন বিশেষ নেতার বাহিনীর সদস্য। মাদক ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরে তাঁদের মধ্যে বিরোধ চলছিল। কিছুদিন আগে ওবাইদুলের সমর্থকেরা লাবুকে মারধর করেছিলেন। ওই ঘটনার জের ধরে এ ঘটনা ঘটেছে।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম জানান, ওবাইদুলের অবস্থা গুরুতর। তাঁর পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হয়নি। ঘটনার পরপরই হামলাকারীদের ধরতে অভিযান চালানো হয়। তাঁরা পলাতক থাকায় তাঁদের আটক করা যায়নি।