যুবলীগ কর্মীসহ তিনজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে গতকাল বৃহস্পতিবার রাতে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে পাকশী ইউনিয়ন যুবলীগের কর্মী মিথুন (৩৫) নিহত হয়েছেন। একই রাতে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা মাজার ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে ভাসমান খেয়ানৌকা থেকে মুক্তার হোসেন (৩০) নামের এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।এর আগের দিন বুধবার রাতে গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় দুর্বৃত্তরা স্বর্ণালংকারের একটি দোকানে ঢুকে রঞ্জন চন্দ্র সরকার (৩৫) নামে এক কর্মচারীকে হত্যা করেছে।আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী থানার পুলিশ জানায়, যুবলীগের নেতা মিথুন ও আলম গতকাল রাত নয়টার দিকে পাকশী ইপিজেড মোড়ের একটি দোকানে বসে চা খাচ্ছিলেন। এ সময় কয়েকজন সন্ত্রাসী ঘটনাস্থলে গিয়ে তাঁদের দুজনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মিথুনকে মৃত ঘোষণা করেন। আর অবস্থার অবনতি ঘটলে আলমকে পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।গাজীপুর: নিহত কর্মচারী রঞ্জন কালিয়াকৈর উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গাছবাড়ী এলাকার দশরথ চন্দ্র সরকারের ছেলে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, রঞ্জন শ্রীপুরের জৈনাবাজারের আজিজ প্লাজায় বীথি জুয়েলার্সে কাজ করতেন। কাজ শেষে ওই দোকানেই ঘুমাতেন। দোকানের মালিক বিষ্ণু চন্দ্র সরকার গতকাল সকাল নয়টার দিকে দোকান খুলতে গিয়ে শার্টার খোলা দেখেন। ভেতরে ঢুকে দেখতে পান কর্মচারী রঞ্জনের রক্তাক্ত লাশ। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন প্রথম আলোকে জানান, দুর্বৃত্তরা বুধবার রাতের কোনো এক সময় দোকানে ঢুকে রঞ্জনের মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যার পর পালিয়ে যায়। কেরানীগঞ্জ (ঢাকা): স্থানীয় লোকজন জানান, গতকাল রাত সাড়ে আটটার দিকে একটি ভাসমান খেয়ানৌকার মধ্যে মুক্তার হোসেনের লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। মুক্তার কামরাঙ্গীরচর এলাকায় বৈদ্যুতিক মিস্ত্রির কাজ করতেন।নিহতের স্ত্রী লাবণী বেগমের (২২) অভিযোগ, তাঁর স্বামীকে নিজ সতিন ভাড়াটিয়া খুনি দিয়ে হত্যা করিয়েছেন।