আওয়ামী লীগ-সমর্থিত ঢাকা উত্তরের মেয়র প্রার্থী আনিসুল হক এবার লিফলেট দিলেন অনেকটা দৌড়ানো অবস্থায়। ভোটও চাইলেন দৌড়ে দৌড়ে। কারও কারও সঙ্গে অবশ্য হাত মেলালেন দৌড় থামিয়ে। রাজধানীর বনশ্রী এলাকায় গতকাল বুধবার সকালে প্রায় আধঘণ্টা এভাবে প্রচার চালান আনিসুল হক।
এভাবে দৌড়ানোর বিষয়টি অনেকটা খোলাসা করলেন বিকেলে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে যুবলীগ ঢাকা মহানগর উত্তরের নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে। আনিসুল হক বলেন, অনেকে বলেন তরুণ মেয়র প্রার্থীর কথা। তিনি চাইলেও আর যুবক হতে পারবেন না। আর তরুণ তো শুধু বয়স দিয়েই হওয়া যায় না। সকালে প্রায় আধঘণ্টা দৌড় প্রতিযোগিতার মাধ্যমে প্রচার চালিয়েছেন। একপর্যায়ে অনেক যুবকও হাঁপিয়ে যান, পেরে ওঠেননি।
আনিসুল হক বনশ্রীতে জনসংযোগ শেষে মোল্লাবাড়ী, পূর্ব রামপুরা, রামপুরা, রামপুরা বাজার, হাজীপাড়া, খিলগাঁও হয়ে মহানগর হাউজিং প্রজেক্ট এলাকায় নির্বাচনী প্রচার চালান। দুপুরের দিকে কচুক্ষেত কাঁচাবাজার এলাকায় গণসংযোগ করে পরে যুবলীগের সঙ্গে মতবিনিময় করেন।
প্রধানমন্ত্রী তাকিয়ে হাসলে জীবন বদলে যায়: যুবলীগের সঙ্গে মতবিনিময়কালে একপর্যায়ে আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারও দিকে তাকিয়ে হাসলে জীবন বদলে যায়। আবার মন খারাপ করলে কিন্তু খানা বন্ধ। মেয়র পদে নির্বাচনে বিজয়ী করার আহ্বান জানিয়ে অনেকটা মজা করেই এ মন্তব্য করেন আনিসুল হক।
যুবলীগ ছাড়া নির্বাচনে জেতা যায় না: সিটি করপোরেশন নির্বাচনে যুবলীগের শক্তিকে বড় শক্তি উল্লেখ করে আনিসুল হক বলেন, জিততে হলে একার শক্তি শক্তি নয়। সবাইকে নিয়েই জিততে হবে। যুবলীগ ছাড়া নির্বাচনে জেতা যায় না। শেখ হাসিনার স্বপ্ন যেন যুবলীগের সবার মধ্যে বিচ্ছুরিত হয়।
এর আগে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আমাদের বিনয়ী হতে হবে। ঘরে ঘরে যেতে হবে। ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষ পছন্দ করে না। আমাদের এক শ্রেণির এমপি-মন্ত্রীর আচরণে মানুষ ত্যক্ত-বিরক্ত ও হতাশ। মানুষকে কাছে না টেনে দূরে ঠেলে দেওয়ার পারদর্শিতা তৈরি হয়েছে। মনে রাখতে হবে, সবাই নবাব সলিমুল্লাহর বেটা না।’
মিছিলে প্রচার: আনিসুল হক যুবলীগের সঙ্গে মতবিনিময় করেন ঘরোয়াভাবে। কিন্তু রাজধানীর বিভিন্ন ওয়ার্ড থেকে যুবলীগের নেতা-কর্মীরা বেশ দূর থেকে মিছিল নিয়ে কৃষিবিদ ইনস্টিটিউটের সভাস্থলে আসেন। এসব মিছিলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী ও বিভিন্ন ওয়ার্ড নেতাদের ছবিসংবলিত ব্যানার বহন করা হয় এবং দেয়ালঘড়ি মার্কায় ভোট চেয়ে স্লোগান দেওয়া হয়। নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে, পথসভা ও ঘরোয়া ব্যতীত জনসভা বা শোভাযাত্রা করা যাবে না। অবশ্য এসব মিছিলে প্রার্থী আনিসুল হক ছিলেন না।
আইনে আছে, পথসভা করা গেলেও তা জনগণের চলাচলের পথে বাধা সৃষ্টি করতে পারে, এমন সড়কে করা যাবে না। কিন্তু আনিসুল হক যুবলীগের মতবিনিময় সভা শেষে নাখালপাড়া এমপি হোস্টেলের কাছে লুকাসের মোড়ে পথসভায় যোগ দেন। তাঁর গাড়ি প্রধানমন্ত্রীর কার্যালয়ের পাশে নাখালপাড়া সড়কের মুখে এলে মিছিলসহকারে লুকাসের মোড়ে নিয়ে আসা হয়। লুকাসের মোড়ে পথসভা করার সময়ও সড়কে যানজটের সৃষ্টি হয়। এ সময় উপস্থিত নেতা-কর্মীরা বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও স্থানীয় সাংসদ ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের নামে স্লোগান দিয়ে ভোট চান।