যুবলীগ জয়ী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে গত ২৪ জুন রেলওয়ের দুটি উন্নয়ন কাজের দরপত্র নিয়ন্ত্রণে ছাত্রলীগ ও যুবলীগের ক্যাডারদের মধ্যে সংঘর্ষ হয়েছিল। নিহত হয়েছিল এক শিশুসহ দুজন। সেই লড়াইয়ে জয়ী হয়েছে যুবলীগ। আলোচিত সেই কাজ পেয়েছেন স্থানীয় যুবলীগের দুই নেতা। তাঁদের একজন আবার হত্যা মামলার আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।

রেল কর্মকর্তারা জানান, গত ২৪ জুন দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষের পরও রেল কর্তৃপক্ষ দরপত্র বাতিল না করে মূল্যায়ন কমিটিতে পাঠায়। ১৩ জন ঠিকাদার দরপত্র কিনলেও সংঘর্ষের কারণে মাত্র চারজন দরপত্র জমা দিতে সক্ষম হন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ঠিকাদার জানান, সংঘর্ষের কারণে ঠিকাদারেরা দরপত্র জমা দিতে পারেননি। এ সুযোগে দুই কাজের জন্য সর্বনিম্ন দরদাতা অভিহিত মূল্য থেকে প্রায় ১০ শতাংশ দর বাড়িয়ে দরপত্র জমা দেন। সবাইকে সুযোগ দেওয়া হলে অভিহিত দরের চেয়ে কমে দরপত্র জমা হতো।

রেলের দুটি উন্নয়নকাজের দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে গত ২৪ জুন নগরের সিআরবি এলাকায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরীর (বাবর) অনুসারীদের সঙ্গে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক সাইফুল ইসলামের (লিমন) অনুসারীদের গুলিবিনিময় হয়। এতে শিশু আরমান হোসেন (৮) ও স্থানীয় যুবলীগের নেতা সাজু পালিত (২৫) নিহত হন। ওই দুই খুনের ঘটনায় হেলাল আকবর, সাইফুলসহ ৮৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলা করা হয়।

রেলওয়ে সূত্র জানায়, ফেনী ও শর্শদি সেকশনে তিন ইউনিট স্টাফ কোয়ার্টার ও অন্যান্য উন্নয়নের কার্যাদেশ পেয়েছেন স্থানীয় যুবলীগের নেতা বিপ্লব সেন। এ কাজের জন্য ৪৭ লাখ ৯২ হাজার টাকার দরপত্র আহ্বান করা হলেও ৯ দশমিক ৯৫ শতাংশ বেশি দর ধরে ৫২ লাখ ৬৯ হাজার টাকায় তাঁকে কার্যাদেশ দেওয়া হয়েছে। লাকসাম ও আখাউড়া সেকশনে অনুরূপ তিন ইউনিট স্টাফ কোয়ার্টার ও অন্যান্য উন্নয়নকাজ পেয়েছেন সদ্য ঘোষিত চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বয়াক কমিটির সদস্য ও হত্যা মামলার আসামি শহীদুল ইসলাম (শামীম)। ৫২ লাখ ৯৫ হাজার টাকার দরপত্র আহ্বান করা হলে একইভাবে ৯ দশমিক ৭৬ শতাংশ দর বেশি ধরে ৫৮ লাখ ১২ হাজার টাকায় তাঁকে কার্যাদেশ দেওয়া হয়েছে।

বিতর্কিত দুজনকে কার্যাদেশ দেওয়ার কারণ জানতে চাইলে রেলের নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা ও উন্নয়ন) আতাউর রহমান ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘মূল্যায়ন কমিটি যদি মনে করে, সর্বনিম্ন দরদাতাকে কাজ দেওয়া যেতে পারে, সেটা নিয়মের ব্যত্যয় নয়। নিয়ম মেনেই সর্বনিম্ন দরদাতা হিসেবে শহীদুল ইসলাম ও বিপ্লব সেনকে কার্যাদেশ দেওয়া হয়েছে।’

খোঁজ নিয়ে জানা গেছে, লাকসাম-আখাউড়া সেকশনের কাজ পাওয়া মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শহীদুল ইসলামের বিরুদ্ধে ১৯৯৯ সালের ২৪ মার্চ টাইগারপাস মোড়ে সিটি কলেজের ছাত্র সংসদের সাবেক জিএস আমিনুল ইসলামকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। তিনি ওই মামলার অন্যতম আসামি। ২৭ মার্চ আমিনুল হাসপাতালে মারা যান। মামলাটি আদালতে বিচারাধীন।

যুবলীগ সূত্র জানায়, ফেনী-শর্শদি সেকশনের কাজ পাওয়া বিপ্লব সেন যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরীর অনুসারী। তিনি যুবলীগের কোনো পদে নেই। তবে হেলাল আকবরের সঙ্গে তিনি থাকেন।

সূত্র আরও জানায়, আওয়ামী লীগ সরকার শপথ নেওয়ার পরদিন থেকে সিআরবি এলাকার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন যুবলীগের নেতা শহীদুল ইসলাম। হত্যা মামলা ছাড়াও তাঁর বিরুদ্ধে ১৯৯৯ সালে নগরের দেওয়ানহাটের গুলশান গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার ২৮ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে মামলা রয়েছে।

অভিযোগ সম্পর্কে জানতে শহীদুল ইসলামের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়। বিপ্লব সেনের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।

তবে চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন বলেন, ‘শহীদুল রেলওয়ের ঠিকাদারি করে সংসার চালান। ১৯৯৯ সালে নগরের টাইগারপাস এলাকার একটি খুনের ঘটনায় তিনি এজাহারভুক্ত আসামি হন। ওই মামলা কোন পর্যায়ে আছে সেটা আমার জানা নেই।’

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন বলেন, ৮৭ জন আসামির মধ্যে ৫৭ জনকে গ্রেপ্তার করা হয়। সাইফুলসহ ১০ জন আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে গেছেন। হেলালসহ বাকিরা কারাগারে আছেন। মামলার তদন্ত চলছে। তদন্ত শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হবে।