যুবলীগ নামধারী দুই পক্ষের সংঘর্ষ
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরের খুলশী টাইগারপাস এলাকায় গতকাল মঙ্গলবার বিকেলে যুবলীগ নামধারী দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় তাদের প্রতিরোধ করতে গিয়ে রামদার আঘাতে মো. ইলিয়াছ নামের এক পুলিশ কনস্টেবল আহত হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে।
নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার বলেন, টাইগারপাস এলাকায় দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হলে ফাঁকা গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, আধিপত্য বিস্তার কেন্দ্র করে গতকাল বিকেলে নগর যুবলীগের নেতা খোকন চন্দ্র তাঁতী এবং শহীদুল ইসলাম শামীমের অনুসারীরা টাইগারপাস এলাকায় দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের তিনজন আহত হন। একপর্যায়ে দুই পক্ষের লোকজন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার ও এ কে এম শহীদুর রহমানের গাড়ির সামনে পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বনজ কুমারের দেহরক্ষী কনস্টেবল ইলিয়াছ ফাঁকা গুলি ছুড়ে দুই পক্ষের লোকজনকে ছত্রভঙ্গ করে দেন। এ সময় ইলিয়াস একজনকে ধাওয়া করে ধরতে যান। ওই সময় ওই ব্যক্তি রামদা দিয়ে কুপিয়ে ইলিয়াছকে আহত করেন। পরে নগরের খুলশী ও কোতোয়ালি থানার পুলিশ তিনজনকে আটক করে।