যুবলীগ নেতা আলমগীর আবার গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাসের ব্যবধানে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন আবার গ্রেপ্তার হয়েছেন। গত মঙ্গলবার বিকেলে পৌর শহরের অগ্রণী ব্যাংক সড়কের কাছ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এবার আলমগীরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ আনা হয়েছে। এর আগে ২২ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) লাঞ্ছিত ও পৌর কর্মচারী কল্যাণ ক্লাব থেকে টেলিভিশন চুরির অভিযোগে আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছিল।
পুলিশ সূত্রের বিবরণ অনুযায়ী, ২২ আগস্ট গ্রেপ্তার হওয়ার এক সপ্তাহ পর জামিনে মুক্ত হন আলমগীর। জেলহাজত থেকে বের হওয়ার পর আবার অপকর্মে জড়িয়ে পড়েন। কিছুদিন ধরে দলিল লেখক মো. ফরহাদের কাছ থেকে চাঁদা দাবি করে আসছেন। ফরহাদ গতকাল থানায় লিখিত অভিযোগ করেন।
একই সূত্র জানায়, ইউএনওকে মারধর ও টিভি চুরি ছাড়াও আলমগীর ২০১২ সালের ৩০ সেপ্টেম্বর খাদ্যগুদাম কার্যালয়ের নিয়ন্ত্রণাধীন বেশ কিছু গাছ প্রকাশ্যে কেটে নেন। এ ঘটনায় তৎকালীন খাদ্যগুদামের ওসি মুসা মিয়া বাদী হয়ে আলমগীরের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি বিচারাধীন। দেড় বছর আগে আলমগীর বিএডিসি কার্যালয় এবং একটি বাদামকলের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করেন। পরে প্রশাসনের হস্তক্ষেপে স্থাপনা সরিয়ে নেন তিনি। পত্রিকায় প্রকাশিত একটি সংবাদের সূত্র ধরে চলতি বছরের ১২ মার্চ নয়া দিগন্ত পত্রিকার কুলিয়ারচর প্রতিনিধি কায়সার হামিদকে লাঞ্ছিত করেন আলমগীর। পরে কায়সার হামিদ ওই দিনই থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এ ছাড়া তাঁর বিরুদ্ধে সাধারণ মানুষকে নানাভাবে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ আছে। কুলিয়ারচর থানার ওসি সুব্রত কুমার সাহা বলেন, কয়েক বছর ধরে আলমগীর প্রভাব খাটিয়ে অসংখ্য অপকর্ম করেছেন। তাঁর বিরুদ্ধে মৌখিক অভিযোগের অন্ত নেই।
আলমগীর থানাহাজতে প্রথম আলোকে বলেন, ‘আমার দ্বারা দল (আওয়ামী লীগ) অনেক উপকৃত হয়েছে। দলের জন্য অনেক ঝুঁকি নিয়েছি। নেতাদের ভালো-মন্দ কাজে ছিলাম। এখন ক্ষমতার শেষ সময়। গুড় শেষ, তাই পিঁপড়ারাও নাই।’ পিঁপড়া বলতে তিনি দলের প্রথম সারির নেতা এবং গুড় বলতে নিজেকে বুঝিয়েছেন।