যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় মা ও মেয়েকে ধর্ষণের ঘটনায় অন্যতম আসামি যুবলীগ নেতা মো. সোহেল মৃধাকে (৩২) পুলিশ গ্রেপ্তার করেছে। গত মঙ্গলবার ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোহেল মৃধা নাজিরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি। তাঁর বাড়ি ওই ইউনিয়নের রায়তাতেরকাঠি গ্রামে। এ নিয়ে এই ধর্ষণ মামলার তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য দুজন হলেন ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি নূর আলম মল্লিক (৩৫) ও রাসেল কবিরাজ (৩০)। তাঁরা কারাগারে আছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা বাউফল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, ‘ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে মঙ্গলবার সন্ধ্যার দিকে সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। আজ (গতকাল বুধবার) দুপুরে তাঁকে বাউফল থানায় আনা হয়েছে।’
১১ জুন ওই মা ও মেয়ে নদীতে ট্রলারে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হন। এ ঘটনায় উপজেলার নাজিরপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো. রহিম মীর (৩৪), সহসভাপতি নূর আলম মল্লিক (৩৫), ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মো. সোহেল মৃধাসহ (৩২) পাঁচজনের নাম উল্লেখ করে গত ১২ জুন অজ্ঞাতনামা আরও পাঁচ-ছয়জনের নামে থানায় মামলা হয়।
এ বিষয়ে প্রথম আলোয় গত ১৩ জুন ‘বাউফলে মা ও মেয়েকে ধর্ষণ’, ১১ আগস্ট ‘দুই মাসেও আসামি গ্রেপ্তার নেই’ এবং ২১ সেপ্টেম্বর ‘আত্মহত্যার চেষ্টা সেই ছাত্রীর’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, ইতিমধ্যে সোহেল ধর্ষণের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আগামীকাল (আজ বৃহস্পতিবার) তাঁকে আদালতে পাঠানো হবে। এর আগে গ্রেপ্তার হওয়া দুই আসামিও ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।