যুবলীগ নেতা বলে কথা!
নাটোরের ওপর দিয়ে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার বাস চলাচল গতকাল বুধবার বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে নাটোরের উত্তরে অবস্থিত জেলাগুলোর সঙ্গে নাটোরসহ দক্ষিণ ও পশ্চিমাঞ্চলের জেলাগুলোর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।নীলফামারীর সৈয়দপুর বাস মালিক সমিতির সঙ্গে নাটোর জেলা যুবলীগের এক নেতার বিরোধের জের ধরে ওই নেতা ও তাঁর অনুসারীরা জেলার ওপর দিয়ে বাস চলাচল বন্ধ করে দেন বলে অভিযোগ উঠেছে। নাটোর বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, নাটোর সদর উপজেলার চেয়ারম্যান, নাটোর জেলা বাস মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের মালিকানাধীন ‘সামির চয়েস’ নামের একটি বাস দীর্ঘদিন ধরে নাটোর ও সৈয়দপুরের মধ্যে চলাচল করে আসছিল। কয়েক দিন থেকে সৈয়দপুরের বাস মালিক সমিতি ওই বাসটি চলাচল করতে দিচ্ছে না। এ পরিপ্রেক্ষিতে শফিকুল ইসলামের অনুসারীরা গতকাল সকাল থেকে বগুড়া, সৈয়দপুরসহ উত্তরাঞ্চলের ১২টি জেলার বাস নাটোরের ওপর দিয়ে চলাচল বন্ধ করে দেয়।সৈয়দপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, সৈয়দপুরের ‘মানিক পরিবহন’ নামের একটি বাস নাটোর হয়ে রাজশাহীতে চলাচল করত। কয়েক মাস থেকে নাটোর বাস মালিক সমিতি বাসটি চলাচল বন্ধ করে দিয়েছে। তাই তাঁরাও সামির চয়েস বাসটির চলাচল বন্ধ করে দিয়েছেন।অভিযোগের ব্যাপারে সামির চয়েস বাসের মালিক যুবলীগ নেতা শফিকুল ইসলাম বলেন, ‘সৈয়দপুরের মালিক সমিতির লোকজন আমাদের গাড়ির সুপারভাইজারের কাছ থেকে টাকাপয়সা কেড়ে নিয়ে মারধর করেছে। এ ঘটনার প্রতিবাদে সমিতির লোকজন বাস চলাচল বন্ধ করে দিয়েছে।’বাস চলাচল বন্ধ করে দেওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে নাটোরের পুলিশ সুপার মো. কায়মুজ্জামান খান বলেন, সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে বিষয়টির সমাধানের চেষ্টা চলছে।