
চট্টগ্রামে দরপত্র জমা দেওয়া নিয়ে সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই ঘটনায় আটক হেলালের চার সহযোগী পলাশ দাশ, শাহ আলম, রবি দে, প্রেমাশীষ মুতশুদ্ধিকে তিন দিনের রিমান্ডের আদেশ মঞ্জুর করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার মাজহারুল ইসলামকে ঢাকায় পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার বাবরকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করে পুলিশ। শুনানি শেষে চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়াও পলাশ দাশ, শাহ আলম, রবি দে, প্রেমাশীষ মুতশুদ্ধির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত মঙ্গলবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) একটি যৌথ দল গুলশান-১ নম্বরের সি-ব্লকের নিকেতন এলাকার একটি বাসা থেকে হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর এবং তাঁর পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে।
উল্লেখ্য, গত সোমবার চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে সিআরবির সাত রাস্তা মোড়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। এ সময় আরমান হোসেন (৮) ও সাজু পালিত (২৫) গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত পরিচয় ৩০-৪০ জনকে আসামি করে মামলা হয়। গ্রেপ্তার হয়েছেন ৫৬ জন। ৪৪ জনকে এক দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ তাঁদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।