যুবলীগ নেতা ভোট গ্রহণ কর্মকর্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে জামাল উদ্দীন নামের এক যুবলীগ নেতাকে ভোট গ্রহণের পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
জামাল উদ্দীন উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের অলিনগর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে স্বাস্থ্য সহকারী হিসেবে কর্মরত।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত শুক্রবার সীতাকুণ্ড সরকারি উচ্চবিদ্যালয়ে ভোট গ্রহণের জন্য প্রশিক্ষণ নেন জামাল উদ্দীন। গতকাল শনিবার ভোট গ্রহণের জন্য নিয়োগ তালিকায় তাঁকে পৌরসভার শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পোলিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।
রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও নাজমুল ইসলাম ভুঁইয়া বলেন, কোনো প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তাকে দলীয় বিবেচনায় নিয়োগ দেওয়া হয়নি। যাঁদের নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা প্রত্যেকে কোনো না কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন। যদি কোনো কর্মকর্তার বিরুদ্ধে সরাসরি দলীয় সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়, তাহলে তাঁকে সরিয়ে দেওয়া হবে।