চট্টগ্রামে চাঁদাবাজি ও অপহরণ মামলায় যুবলীগের নেতা মশিউর রহমানসহ যুবলীগের তিন কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
গতকাল রোববার বিকেলে মহানগর হাকিম নুরে আলম ভুঞা শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। মশিউর রহমান নগরের এমইএস কলেজকেন্দ্রিক ছাত্রলীগের রাজনীতিতে জড়িত ছিলেন। পরে তিনি যুবলীগে জড়িত হয়ে জিইসি মোড়সহ নগরে চাঁদাবাজিসহ আধিপত্য বিস্তার করে আসছেন। তবে বর্তমান যুবলীগের কমিটিতে কোনো পদে নেই তিনি। মশিউর রহমান নগর আওয়ামী লীগের নেতা মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত।
আদালত সূত্রে জানা গেছে, নগরের খুলশী থানার একটি চাঁদাবাজি ও অপহরণ মামলায় (১৭(৮) ১৩) আসামি মশিউর রহমান, তাঁর সহযোগী ফিরোজ ও সেলিম উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিন নেন গত ১৬ সেপ্টেম্বর। জামিনের মেয়াদ শেষ হওয়ায় আসামিরা আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালতের মহানগর হাজতখানার এসআই জমির বলেন, আসামি মশিউর রহমানসহ তিনজনকে খুলশী থানার একটি মামলায় আদালতের নির্দেশে হাজতখানা থেকে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বাদী শাহিদা আক্তার বলেন, ‘আমার ভাই ব্যবসায়ী বজলুল কাদেরের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে আসামিরা গত ২৬ আগস্ট অপহরণ করেন। পরে পুলিশ উদ্ধার করে। আসামিরা চাঁদা না পেয়ে বিভিন্ন সময় আমাদের বাসায় ঢুকে ভাঙচুর ও মারধরও করেন। এ ঘটনায় খুলশী থানায় মশিউরসহ তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০ জনকে আসামি করে মামলা করা হয়।’
পুলিশ সূত্র জানায়, মশিউর রহমান নগরের জিইসি মোড়ে ক্ষমতাসীন দলের প্রভাব দেখিয়ে নীরব চাঁদাবাজিসহ দরপত্র-সন্ত্রাসে জড়িত।