যুবলীগ নেতা মুহির বিরুদ্ধে বাড়ি দখল চেষ্টার অভিযোগ
পুরান ঢাকার স্বামীবাগের একটি বাড়ি দখল চেষ্টার অভিযোগ উঠেছে ঢাকা মহানগর (দক্ষিণ) যুবলীগের সভাপতি এবং সমবায় ব্যাংকের চেয়ারম্যান মহিউদ্দিন মুহির বিরুদ্ধে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধা শহীদ শামস ইরানির ভাই আনসার রহমান এই অভিযোগ করেন। সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, মুক্তিযোদ্ধা শহীদ শামস ইরানির পরিবার ১৯৫৪ সাল থেকে ৪৩/২০/এ, স্বামীবাগে বসবাস করছেন। গত ৪ মার্চ যুবলীগের নেতা মহিউদ্দিন মুহি তাঁর সহযোগীদের নিয়ে স্বামীবাগের ওই বাড়িটি দখলের চেষ্টা করেন এবং বাড়ি ছেড়ে দেওয়ার হুমকি দেন। তিনি সহযোগীদের নিয়ে গত ৮ মার্চ ওই বাড়ির পাশের প্রায় তিন বিঘা জমি দখল করে নেন।এসব অভিযোগ সম্পর্কে যোগাযোগ করা হলে মহিউদ্দিন মুহি বলেন, শহীদ শামস ইরানির পরিবারের বাড়ি দখলে তিনি কিংবা তাঁর পক্ষে কেউ যাননি। তাঁর ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ ধরনের মিথ্যা ও উদ্দেশ্যমূলক অভিযোগ আনা হয়েছে। তিনি জানান, শামস ইরানির বাড়ির পাশের ছয় বিঘা জমি রেলওয়ে বিভাগের। গত ৮ মার্চ রেলওয়ে বিভাগ এই জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করেছে।